বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

ইসরায়েলি হামলায় বৈরুতে হামাস নেতা নিহত

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন হামাসের উপপ্রধান সালেহ আল-আরোরি (৫৭)। গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) আইডিএফের এক আকাশ হামলায় প্রাণ হারান ওই নেতা। খবর রয়টার্স।

আইডিএফের গতকালের হামলায় আরোরিসহ আরো ৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস। এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন হামাসের নেতা ইসমাইল হানিয়ে। এক বিবৃতিতে ইসরায়েলের হামলাকে কাপুরুষোচিত আখ্যায়িত করে তিনি বলেছেন, ইসরায়েল লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ও চলমান সংঘাতকে আরো বাড়িয়ে তুলছে।

এ হামলার নিন্দা জানিয়েছে ইরানও। লেবানন ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, যেকোনো পরিস্থিতির জন্য তার দেশের বাহিনীগুলো প্রস্তুত রয়েছে।

প্রসঙ্গত, সালেহ আল-অরোরি হামাসের পলিটব্যুরোর উপপ্রধান ছিলেন। এছাড়া হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডসের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। সালেহ ১৯৬৬ সালে দখলকৃত পশ্চিম তীরে জন্ম নিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com