বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
গত বছরের শেষ দিকে ভূমিকম্প ও আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের কারণে সতর্ক বার্তা দেয়া হয় আইসল্যান্ডে। বছরের শুরুতে ফের লাভা উদগীরণের কবলে পড়েছে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চল। সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের। খবর রয়টার্স।
গতকাল রোববার (১৪ জানুয়ারি) দুপুরে একটি আগ্নেয়গিরির জ্বালামুখ ব্যাপকভাবে খুলে যায় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
মাছ শিকারের জন্য বিখ্যাত শহর গ্রিন্ডাভিকায় লাভার স্রোত ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে পূর্ব সতর্কতা মেনে বাসিন্দাদের আগেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ওই অঞ্চলের ঘর-বাড়ি পুড়ে যাওয়ার হুমকিতে রয়েছে বলে জানানো হয়েছে সতর্ক বার্তায়। এরই মধ্যে পুড়ে যাওয়া কিছু স্থাপনার ভিডিও প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম।
আইসল্যান্ডের প্রেসিডেন্ট গুডনি জোহানেসন মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্সের এক বার্তায় বলেছেন, কেউ বিপদের মুখে নেই। তবে বেশকিছু ঘর-বাড়ি পুড়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
অগ্ন্যুপাতের ঘটনা দেশটির উড়োজাহাজ যোগাযোগে কোনো প্রভাব ফেলেনি বলেও বার্তায় উল্লেখ করেন তিনি।
গত নভেম্বরে কয়েকটি ভূমিকম্পের পর আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমে রেইকানেস উপদ্বীপে একটি আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে লাভা উদগীরণ শুরু হয়।