শনিবার, ১৩ Jun ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২২ জন। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি ডাবল ডেকার বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় হতাহতের এই ঘটনা ঘটে। খবর রয়টার্স।
সিনালোয়া প্রদেশের অ্যাটর্নি জেনারেল সারা কুইনোনেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, ‘১৯টি মৃতদেহ গণনা করা হয়েছে। দেহাবশেষ শনাক্ত করতে সময় লাগবে।’ সিনালোয়ার নাগরিক সুরক্ষার পরিচালক রায় নাভারেতে এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক এবং বাসে প্রায় ৫০ জন আরোহী ছিল। সড়কে উভয় যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয় এবং পরে আগুন ধরে যায়।
উল্লেখ্য, গত বছরের আগস্টে মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে ১৫ জনই ছিলেন মেক্সিকান নাগরিক। এছাড়া দুর্ঘটনায় সেসময় আহত হয়েছিলেন আরও ৩৬ জন যাত্রী। একই মাসের শুরুতে পশ্চিম মেক্সিকোতে মহাসড়ক থেকে একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় নিহত হন ১৮ জন। এর আগে গত বছরের জুলাই মাসে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকাতে বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন।