মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
চল্লিশ পেরিয়েই পা রাখেন চলচ্চিত্রে। সেও আবার মুখ্য চরিত্রে নায়ক হিসেবে। আবার এই বয়সেও একটি চলচ্চিত্রে নায়কের চরিত্রে অভিনয় করে যা দেখালেন তাতেই বাজিমাত। এটা হলিউড-বলিউডেই সম্ভব কিন্তু ঢাকাই চলচ্চিত্রে এমন নজির তার আগে আর কেউই দেখাতে পারেনি। চল্লিশের পর তো নায়ক আরও অনেকেই হয়েছেন। নায়করাজ রাজ্জাক, ওয়াসিম, আলমগীর থেকে শুরু করে বর্তমান শাকিব খান পর্যন্ত কে না চল্লিশের পরও নায়ক হয়ে কাজ না করেছেন বা করছেন। কিন্তু তাদের এমন কেউ আছেন যারা চল্লিশের পর চলচ্চিত্রে পা রেখে ‘নায়ক’ হয়ে কাজ করেছেন?
সেটা আফরান নিশোই প্রথম দেখালেন। তার আগে ওটিটিতে নিজেকে ঝালিয়ে নিলেন বড়পর্দায় কাজ করার প্রস্তুতি হিসেবে। মূলত ওটিটিতে তার অভাবনীয় সাফল্যই পৌঁছে দিয়েছে চলচ্চিত্রের মতো বড় ক্যানভাসের পর্দায় উত্তীর্ণ হতে। তার আগে ছোটপর্দার অভিজ্ঞতা তো আছেই। যেখানে তাকে মোকাবিলা করতে হয়েছে ছোটপর্দার আরেক অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে।
যিনি দীর্ঘদিন ধরে ছোটপর্দাকে নিজের একচেটিয়া রাজত্ব বানিয়ে ফেলেছিলেন। রাজীব-প্রভা অনেকেই যার সেই আধিপত্যে ফাটল ধরাতে পারেনি। ফাটল ধরাবেই বা কী করে। বরং তিনি ছোটপর্দার জগতে নিজের ইমেজ ধরে রাখতে এবং সমাজের ওপর শ্রদ্ধা রেখেই সেই দুষ্কর্মকে প্রশ্রয় দেওয়া থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন তাৎক্ষণিকভাবেই। তার এই বুদ্ধিমত্তাই তাকে তার রাজত্বে টিকিয়ে রাখতে সহায়তা করেছিল।
কিন্তু কী এক জাদুবলে যেন এরপর আফরান নিশো প্রথমে তার সেই রাজত্বে ভাগ বসালেন। এরপর কিছুদিন যেতে না যেতেই চলে এলেন একেবারেই সম্মুখভাগে। নামলেন অপূর্বর সঙ্গে চারশ মিটার হার্ডলসের দৌড়ে। তাতে অপূর্বই ছিলেন এগিয়ে। তবে একটা সময়ে অদম্য আফরান নিশোর সঙ্গে যেন আর পেরে উঠছিলেন না। দ্রুততম সময়ের মধ্যেই ধরে ফেললেন অপূর্বকে নিশো। তারপরেই আরেক হার্ডলস এবং অপূর্বকে আলতো একটা ধাক্কা। অপূর্ব পড়ে গিয়েই আবার উঠে দৌড়। কিন্তু ততক্ষণেই অনেক পিছিয়ে গেলেন অপূর্ব। সেই থেকে আফরান নিশো কেবল দৌড়াচ্ছেনই। কাছাকাছি অপূর্ব তো নেইই নিশোর আশপাশেও কয়েক মিটার পেছনেও আর কেউ নেই। ছোটপর্দায় একক আধিপত্য এভাবেই শুরু আফরান নিশোর।
তাকে ভালোবেসে সম্বোধন করে ‘বস’ বলে। ছোটপর্দার বস। এলেন ওটিটি প্ল্যাটফর্মে। এখানে অবশ্য তাকে আর কারো সঙ্গে প্রতিযোগিতায় নামতে হয়নি। শুরু থেকেই নিজের একক প্রাধান্য ধরে রেখেন। ধারাবাহিকভাবে করলেন বেশ কিছু আলোচিত ওয়েব সিরিজ এবং ওয়েব ফিল্ম। ছোটপর্দার এমন যুবরাজকে দেখে কি রুপালি পর্দার নির্মাতারা বসে থাকতে পারেন? নড়েচড়ে বসলেন তারাও।
ভক্তরাও চাইছিলেন নিশো টিভি, ওটিটি’র পর বড় পর্দায়ও দেখা দিক। ছিনিয়ে নিক শাকিব খানের আধিপত্য। যেমন ছিনিয়ে নিয়েছিলেন তিনি ছোটপর্দার অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা অপূর্বর আধিপত্য। আসলে ওয়েব সিরিজের জনপ্রিয়তার জের ধরে হাল সময়ের চলচ্চিত্রে সুদিনের আভাস শুধু চলচ্চিত্র তারকাদের নয়, ছোটপর্দার তারকাদের ভেতরেও নতুন স্বপ্ন বুনতে শুরু করেছে। যাদের অনেককেই এখন টিভি নাটকের চেয়ে ওয়েব সিরিজ এবং সিনেমার দিকে চোখ রাখতে দেখা যাচ্ছে। ছোটপর্দার দর্শকরাও চান তারা শুধু ওয়েব সিরিজেই নয়, বড়পর্দায়ও দেখা দিক। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। শেষ হলো ভক্তদের অপেক্ষার পালা। নাম লেখালেন নিশো বড়পর্দায়ও। সেটা ছিল ২০২২ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ। সিনেমার নাম ‘সুড়ঙ্গ’। যৌথভাবে প্রযোজনা করে আলফা আই ও চরকি। বানিয়েছেন ‘পরাণ’ খ্যাত নির্মাতা রায়হান রাফি।