শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বঙ্গভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনের ৪৯তম বার্ষিক প্রতিবেদন-২০২২ রাষ্ট্রপতির কাছে পেশকালে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য দেশে উচ্চ শিক্ষা বিস্তারের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে কার্যকর ও দৃশ্যমান ভূমিকা রাখতে কাজ করার আহ্বান জানিয়েছেন।

এ সময় তিনি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগের জন্য একটি নীতিমালার আলোকে একটি প্যানেল গঠনের প্রস্তাব দেন।

সাহাবুদ্দিন বলেন, উচ্চ শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষার গুণগত মান যেন বৃদ্ধি পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

রাষ্ট্র প্রধান বলেন, এ দেশ এখন ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার পথে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রতিটি শিক্ষার্থীকে স্মার্ট হিসেবে  গড়ে তুলতে হবে।

বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আমাদের শিক্ষার্থীরাও যেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতাকে প্রমাণ করতে পারে সে লক্ষ্যে দেশের উচ্চশিক্ষা কার্যক্রম সাজাতে হবে।

এ সময় তিনি ইউজিসিকে প্রতিটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও সার্বিক উচ্চশিক্ষার কার্যক্রমে তদারকি বাড়াতেও কঠোর নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com