সোমবার, ২০ Jul ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : দুই জনে কখনো সতীর্থ ছিলেন না। কিন্তু অবসর জীবনে পরস্পরের ‘ঘোরতর শত্রু’ বলে পরিচিতি পেয়েছেন দুই সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও রবি শাস্ত্রী। সৌরভের কারণে প্রথম দফা ভারতীয় কোচের চাকরি শাস্ত্রী পাননি বলেও গুঞ্জন আছে। সে সময় দুই জনই সংবাদ মাধ্যমে পরস্পরের বিপক্ষে কথাও বলেছিলেন। কিন্তু দিন বদলে গেছে।
সেই সৌরভ গাঙ্গুলি এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীর এখন সরাসরি বস সৌরভ। সে জন্যই কি না, সুর বদলে ফেলেছেন শাস্ত্রী। বলছেন, তাদের মধ্যে কখনোই কোনো সমস্যা ছিল না। তিনি সবসময় সৌরভকে শ্রদ্ধা করেন বলেও দাবি করলেন ভারতের কোচ।
ক্রিকেট সৌরভের প্রতিই নিজের খুব শ্রদ্ধা বলে শাস্ত্রী দাবি করলেন। বিশেষ করে সৌরভ যে অবস্থায় ভারতীয় দল সামলেছেন, সেটা সামনে এসে শাস্ত্রী প্রশংসা করলেন, ‘ক্রিকেটার হিসেবে সৌরভ যা করেছে তার জন্য আমার শ্রদ্ধা রয়েছে ওর উপরে। সবচেয়ে কঠিন সময়ে ও ভারতীয় ক্রিকেটের দায়িত্ব নিয়েছিল। ম্যাচ গড়াপেটার ছায়া তখন ভারতীয় ক্রিকেটে। সেই সময়ে সৌরভ দলের হাল ধরে। ঘুরে দাঁড়ানোর জন্য সবার আস্থা অর্জনের দরকার ছিল। সেটা সৌরভ পেরেছিল। আর এই ব্যাপারটাকে শ্রদ্ধা করতেই হবে। যারা করে না আমি তাদের দলে পড়ি না।’
শাস্ত্রী বলছেন, তার সঙ্গে সৌরভের বিরোধের যেসব খবর, তা কেবলই মিডিয়ার একটা খেলা। তিনি নিজের অবস্থান বর্ণনা করে বললেন, ‘যদি কারো মনে হয় আমি সৌরভকে শ্রদ্ধা করি না, তাহলে আমার কিছু বলার নেই। সৌরভ-শাস্ত্রী নিয়ে এই খেলাটা হলো মিডিয়ার কাছে দারুণ একটা চাট আর ভেলপুরির মতো।’
বোর্ড সভাপতি হিসেবে সৌরভকে পেয়ে খুবই রোমাঞ্চিত বলে দাবি করলেন শাস্ত্রী। তিনি বলছিলেন, ‘সৌরভের বোর্ড প্রেসিডেন্ট হওয়া দারুণ একটা ব্যাপার। প্রথমত, বিসিসিআই আবার কাজ করছে ভেবে আমি রোমাঞ্চিত হচ্ছি। আমরা তিন বছর বিসিসিআইকে ছাড়াই তো খেলে ফেললাম।’
সৌরভ নিয়ে এসব প্রশস্তির পাশাপাশি শাস্ত্রী নিজের দলের মনোভাবটাও বলে দিলেন। বললেন, তার এই দল হারতে পছন্দ করে না, ‘এই ভারতীয় দল কাউকেই ভয় পায় না। হারতে ঘৃণা করে। বিশ্বের যে কোনো প্রান্তে ওরা জেতার ক্ষমতা রাখে বলে মনে করে। ম্যাচ হারতে ঘৃণা করে বিরাট কোহলি ও তার কোচ।’
নগরকন্ঠ.কম/এআর