মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১০:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ওবায়দুল কাদের দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তার নিজ জেলা নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ওবায়দুল কাদের পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন বিগত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। এই প্রস্তাব সমর্থন করেন বিগত কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান। পরে সর্বসম্মতিক্রমে তা পাস করেন কাউন্সিলরা।
নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামে ১৯৫২ সালের ১ জানুয়ারি ওবায়দুল কাদের জন্ম নেন। নোয়াখালী-৫ আসন (কোম্পানীগঞ্জ-কবিরহাট) থেকে তিনি চার বার সংসদ সদস্য নির্বাচিত হন।
বঙ্গবন্ধুর মৃত্যুর পর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন আব্দুল মালেক উকিল; যিনি নোয়াখালীর সন্তান ছিলেন। এরপর ওবায়দুল কাদের দলের এত উচ্চপদে গেলেন। এতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি জেলার সাধারণ মানুষও উচ্ছ্বসিত।
ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক ঘোষণা করার পর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে জেলা শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায়ও আনন্দ মিছিল হয়েছে। মিষ্টি বিতরণ করা হয়েছে।
ওবায়দুল কাদেরকে দ্বিতীয় মেয়াদে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
নগরকন্ঠ.কম/এআর