বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

জুঁইয়ের কি মায়া

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ‘জীবন মানে যন্ত্রণা’, ‘বুঝলা না’, ‘পোষা পাখি’, ‘বিধি’, ‘কী জাদু’, ‘চান্দের আলো’সহ বেশকিছু গান গেয়ে আলোচিত হয়েছেন ইসরাত জাহান জু্ঁই।

নিয়মিত ফোক গান গেয়ে শ্রোতাদের মন মাতিয়ে যাচ্ছেন জুঁই। এবার ‘কি মায়া’ শিরোনামে নতুন গান নিয়ে হাজির হলেন তিনি। ভালোবাসা দিবসকে সামনে রেখে গতকাল গানটি রাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। গানটির কথা ও সুর করেছেন সৈয়দ দুলাল।

জুঁই বলেন, ‘আমার পক্ষ থেকে শ্রোতাদের জন্য উপহার। এটি আমার খুব পছন্দের একটি গান। আমি শুধু একটু গাওয়ার চেষ্টা করেছি। কেমন করেছি বাকিটা শ্রোতারাই বলবেন। এর আগে শ্রোতাদের ভালোবাসা পেয়েছি। এত ভালোবাসা পাব কোনো দিন কল্পনাও করিনি। আপনাদের ভালোবাসায় আমি গান করার সাহস পাই। সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা।’

নরসিংদী বারৈচা ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকায় সংগীত কলেজে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন জুঁই। নিয়মিত গানও করছেন। তিনি বলেন, ‘ফোক গান করতেই বেশি ভালো লাগে। পড়াশোনা করছি লোকগানের উপর। ছোটবেলা থেকেই লোকগানের প্রতি একটা ভালোলাগা ছিল। যতগুলো পুরস্কার পেয়েছি তার অধিকাংশই লোকগান গেয়ে পেয়েছি। লোকগানে মা মাটির একটা গন্ধ পাই। গান নিয়ে যতদূর যাওয়া যায়, আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি। মরে গেলেও মানুষ যেন আমাকে মনে রাখে। সংগীতের মাঝে বেঁচে থাকতে চাই।’

জুঁই চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। শাকিব খান-বুবলী অভিনীত ‘শুটার’ সিনেমায় প্রথম প্লেব্যাক করেন তিনি। এরপর ‘মধু হই হই বিষ খাওয়াইলা’, ‘মাতাল’, ‘অবতার’সহ বেশ কয়েকটি সিনেমায় প্লেব্যাক করেন। এছাড়া নিয়মিত স্টেজ শোয়ে অংশ নিচ্ছেন এই শিল্পী।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com