বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ‘প্রথম ঝরে পরা শিউলিটা/ কুড়িয়ে তোমার পায়ে দেব বলে/ আমি সারারাত শিশিরে ভিজেছি/ মেঘলা দিনে তুমি আমার একমুঠো রোদ্দুর/ আমার আশার ভালোবাসা সপ্ত সমুদ্দুর’—এমন কথার গানে কণ্ঠ দিয়েছেন দেশের শ্রোতাপ্রিয় ব্যান্ডদল অর্থহীনের প্রতিষ্ঠাতা ও দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমন বা বেজবাবা।
চলচ্চিত্রে এটি তার গাওয়া প্রথম গান। গানটি ব্যবহার করা হয়েছে ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রে। গতকাল বুধবার ইউটিউবে মুক্তি পেয়েছে গানটি। ফাগুনের আগমনী মৃদু হাওয়া যখন মানব হৃদয় উসকে দিচ্ছে, ঠিক তখন সুমন টিঙ্কুর লেখা এ গানের কথাগুলো মনের জোয়ারে পাল তুলে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে গানটি। গানের কথা যেমন প্রশংসা কুড়াচ্ছে, তেমনি গায়কির প্রশংসাও করছেন শ্রোতারা।
‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন গুণী নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। আর এ গানটির সুর করেছেন ইমতিয়াজ বর্ষণ। সংগীতায়োজন করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। অন্যদিকে গানের ভিডিওতে ইমতিয়াজ-শার্লিনের প্রেম-খুনসুটি ও চিত্রগ্রহণ অন্যমাত্রা যোগ করেছে।
ছোট পর্দার গুণী এই পরিচালকের এটিই প্রথম চলচ্চিত্র। পরিচালনার পাশাপাশি ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা এবং সংগীত পরিচালনাও করেছেন তিনি। শুধু তাই নয়, ফটোগ্রাফি এবং পোস্টার ডিজাইনও তার করা। আগামী ২৮ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান রেড অক্টোবরের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।
নগরকন্ঠ.কম/এআর