বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

জয়ার অন্যরকম ভালোবাসা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ফাগুন আর ভালোবাসা দিবসের যৌথ হাওয়ায় ভেসে বেড়াচ্ছেন সব শ্রেণির মানুষ। বিশেষ এই দিন উপলক্ষে নানা পরিকল্পনা হাতে নিয়েছেন তারা। বিশেষ করে তরুণ-তরুণীরা। ফাগুনের হাওয়া শোবিজ অঙ্গনের তারকাদেরও লেগেছে। কেউ প্রিয় মানুষের সঙ্গে দিনটি উদযাপন করছেন। আবার কেউ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।

এদিকে দুই বাংলার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান দিনটি একটু অন্যরকমভাবে উদযাপন করছেন। তার ভাষায়—‘এবারের ভালোবাসা দিবসটি একটু অন্যরকমভাবে ভেবেছি। কারণ মায়ের সঙ্গে কাটাচ্ছি। এত কাজ! ঢাকা-কলকাতা করতে করতে মায়ের সঙ্গে সময়ই কাটানো হয় না। তাই মা আর পরিবারের কয়েকজনকে নিয়ে আজ ভ্যালেন্টাইন ডে আউট। আসলে এটা প্রেমের দিন। দিনটি উদযাপন করাই আসল ব্যাপার। ঢাকা থেকে দূরে আমাদের ছোট্ট একটি বাড়ি আছে। আজ সেখানেই যাব।’

টলিউডের ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন জয়া আহসান। আবার ২০ ফেব্রুয়ারি কলকাতায় যাবেন তিনি। এদিকে ঢাকায় চলছে অমর একুশে গ্রন্থমেলা। মেলায় যাওয়া প্রসঙ্গে জয়া বলেন, ‘নতুন বইয়ের গন্ধের মধ্যেও প্রেম লুকিয়ে থাকে। কিন্তু বই মেলায় যাওয়াটা আমার জন্য দুষ্কর। কারণ ভক্তদের অনেক জটলা লেগে যায়। তবু সুযোগ পেলে একবার ঢুঁ মারব।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com