বুধবার, ১৫ Jul ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

বাধাহীন মাহির ‘মন দেব মন নেব’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। শাকিব খান, বাপ্পি, সাইমনসহ ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়কদের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এবার তাকে দেখা যাবে নবাগত চিত্রনায়ক শিবলী নওমানের সঙ্গে। এ জুটিকে নিয়ে রবিন খান নির্মাণ করেছেন ‘মন দেব মন নেব’ শিরোনামে সিনেমা।

বছর খানেক আগে সিনেমাটির দৃশ্যধারণ সম্পন্ন হয়। সম্প্রতি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। সেন্সর বোর্ড সিনেমাটি দেখে ছাড়পত্র প্রদান করেছে। সেন্সর বোর্ডের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

‘মন দেব মন নেব’ সিনেমার মুক্তিতে এখন আর কোনো বাধা নেই। ভালো দিনক্ষণ দেখে এ সিনেমা মুক্তি দেয়া হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। নির্মাতা রবিন খান টিভি মিডিয়ায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটবে তার। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন—কবরী, সুব্রত, মারুফ, চৈতী, গাজী রাকায়েত, বড়দা মিঠু, আমীর সিরাজী, সমাপ্তী মাসুক প্রমুখ।

‘ভালোবাসার রঙ’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘পোড়ামন’, ‘তবুও ভালোবাসি’, ‘ভালোবাসা আজকাল’, ‘অগ্নি’, ‘দবির সাহেবের সংসার’, ‘দেশা-দ্য লিডার’, ‘অনেক সাধের ময়না’সহ বেশকিছু ব্যবসাসফল সিনেমায় কাজ করেছেন মাহি। এছাড়া যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করে ওপার বাংলাতেও পরিচিতি পেয়েছেন। ২০১৬ সালে শিবলী নওমান অভিনীত ‘তুখোড়’ সিনেমা মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার অভিনেত্রী রাতশ্রী।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com