বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

‘আমার মন ভেঙে গিয়েছিল’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। সান্ড কি আঁখ সিনেমার জন্য এ বছর সমালোচকদের বিচারে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। তবে অ্যাওয়ার্ড নিয়ে এই অভিনেত্রীর আক্ষেপও রয়েছে।

এই অভিনেত্রীর কথায়, ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত পিংক সিনেমার জন্য অ্যাওয়ার্ড না পাওয়ায় ভীষণ কষ্ট পেয়েছিলাম। এমনকি আমি মনোনয়নও পাইনি। যেগুলোতে পেয়েছিলাম পুরস্কার জিতিনি। কিন্তু সবাই সিনেমাটিতে অভিনয়ের জন্য আমার প্রশংসা করেছিল। সিনেমাটির পরিচালক সুজিত সিরকার আমাকে বলেছিলেন, নতুন পোশাক তৈরি করো, তুমি সব অ্যাওয়ার্ড জিতবে।

তবে এই ঘটনার পর আর কোনো তিক্ত অভিজ্ঞতা হয়নি বলে জানান তিনি। তাপসী বলেন, একজন নবাগত অভিনেত্রী হিসেবে অনেক আশা করেছিলাম, কিন্তু বছর শেষে যখন সেটি হলো না, আমার মন ভেঙে গিয়েছিল। তারপর আর কোনো ঘটনা আমাকে এইভাবে আঘাত করেনি। এখন অ্যাওয়ার্ড পেলাম। বিশেষ করে জুরি ও সমালোচকদের ধন্যবাদ জানাতে চাই। অন্তত এবার আর হৃদয় ভাঙেনি।

তবে অ্যাওয়ার্ডের মাধ্যমেই শুধু কাজের মূল্যায়ন হয় তা মনে করেন না এই অভিনেত্রী। তিনি বলেন, আমি মনে করি না অ্যাওয়ার্ড আমার কাজের মূল্যায়ন করে। কষ্টের টাকা খরচ করে যারা আমার সিনেমার টিকিট কেনেন তারা আমার কাজের মূল্যায়ন করেন। কয়েকজন জুরি মিলে অ্যাওয়ার্ড দেন এবং তা খুবই বিষয়ভিত্তিক। তারা আমাকে পিংক, নাম শাবানা, মনমর্জিয়া অথবা মুল্ক সিনেমার জন্য উপযুক্ত মনে করেননি। কিন্তু সিনেমাগুলো অনেক প্রশংসা কুড়িয়েছে। অথচ আমি এগুলোর জন্য মনোনয়নও পাইনি।

এই অভিনেত্রীর পরবর্তী সিনেমা থাপ্পড়। অনুভব সিনহা পরিচালিত সিনেমাটি নারীর ওপর পারিবারিক সহিংসতা নিয়ে তৈরি। এটি মুক্তি পাবে আগামী ২৮ ফেব্রুয়ারি। এই সিনেমার বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন— রত্না পাঠক শাহ, তানভি আজমি, দিয়া মির্জা, রাম কাপুর, কুমুদ মিশ্রা প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com