বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

‘বঙ্গবন্ধু’র বায়োপিক নিয়ে তারাও আলোচনায়

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিনেই শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু’র বায়োপিকের শুটিং। এ বায়োপিকটি পরিচালনা করবেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। অডিশনের মাধ্যমে সিনেমাটির শিল্পী বাছাই করা হয়েছে। এরইমধ্যে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত এক গেজেটে ‘বঙ্গবন্ধু’র বায়োপিকের অভিনেতা-অভিনেত্রীদের ৫০ জনের আংশিক তালিকা প্রকাশ করা হয়েছে।

এ বায়োপিকে মূল চরিত্রের পাশাপাশি অন্যান্য চরিত্রগুলো নিয়েও দর্শকদের প্রচণ্ড আগ্রহ রয়েছে। আইয়ুব খান, খন্দকার মোস্তাক আহমেদ ও পাকিস্তানি আর্মি অফিসারের চরিত্রে কারা থাকছেন সেটা জানতেও সবাই মুখিয়ে ছিলেন। প্রকাশিত তালিকা মতে, আইয়ুব খানের চরিত্রে মিশা সওদাগর, খন্দকার মোস্তাক আহমেদ চরিত্রে ফজলুর রহমান বাবু ও পাকিস্তানি আর্মি অফিসারের চরিত্রে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ।

স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম বিশ্বাসঘাতক হিসেবে খন্দকার মোশতাক আহমেদের নাম পরিচিত। এ চরিত্রের জন্য এরইমধ্যে প্রস্তুতি নিচ্ছেন ফজলুর রহমান বাবু। কী ভাবছেন চরিত্রটি নিয়ে? দেশের জনপ্রিয় এ অভিনেতা বলেন, ‘বঙ্গবন্ধুর বায়োপিকে কাজ করবো, এটা আমার জন্য আনন্দের সংবাদ। কিন্তু যে চরিত্রে অভিনয় করতে যাচ্ছি সেটার প্রতি মানুষের অনেক ঘৃণা জমে আছে। তাছাড়া চরিত্রটার ব্যাপ্তি কোথায় গিয়ে শেষ হবে সেটাও সবার জানা। এ দুটি কারণে চরিত্রটি নিঃসন্দেহে অনেক চ্যালেঞ্জিং।’

আজীবন বাঙালি বিদ্ব্বেষী পাকিস্তানি সেনাপতি, সামরিক শাসক ও একজন রাষ্ট্রপতির নাম আইয়ুব খান। এ চরিত্রে দেখা যাবে ঢাকাই ইন্ডাস্ট্রির শক্তিমান অভিনেতা মিশা সওদাগরকে। যদিও তিনি পর্দার নেতিবাচক চরিত্রে অভিনয় করেই পরিচিত, তারপরও এটি তার জন্য বেশ চ্যালেঞ্জিং।—এমনটাই মনে করে এ অভিনেতা। তিনি বলেন, ‘এ বায়োপিকের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ চরিত্র সেটা সবারই জানা। এখন প্রস্তুতি চলছে, যথাযথ ফুটিয়ে তোলার চেষ্টা করবো।’

এদিকে চরিত্রটি ঘৃণ্য হলেও পর্দায় ঠিকঠাক তুলে ধরতে নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন শতাব্দী ওয়াদুদ। তার চরিত্রে ফুটে উঠবে মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালিদের ওপর নির্মমতার দৃশ্য। এ অভিনেতা বলেন, ‘এখনই কিছু বলতে পারছি না যে, এই চরিত্রের ব্যাপ্তি কতটুকু। অন্যান্য অনেক চরিত্রের মতো এটিও বেশ চ্যালেঞ্জিং। আমার জায়গা থেকে আমি প্রস্তুত হচ্ছি।’

তালিকা অনুযায়ী, বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ। এছাড়া তাজউদ্দিন আহমেদের চরিত্রে ফেরদৌস আহমেদ, আব্দুল হামিদ খান ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, শেরে বাংলা এ কে ফজলুল হক চরিত্রে শহীদুল আলম সাচ্চু, সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকীর আহমেদ ও মানিক মিয়ার চরিত্রে তুষার খান অভিনয় করবেন। শেখ হাসিনা চরিত্রে অভিনয় করবেন ৩ জন। শেখ হাসিনার বড়বেলার চরিত্রে জান্নাতুল সুমাইয়া, ছোটবেলার চরিত্রে নুসরাত ফারিয়া ও ৮-১২ বছর বয়সী চরিত্রে ওয়ানিয়া জারিন আনভিতা।

রেনুর দাদার চরিত্রে দেখা যাবে গাজী রাকায়েতকে, সাহেরা খাতুন (বয়স্ক) চরিত্রে দিলারা জামান, শওকত মিয়ার চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ, শেখ মনির চরিত্রে মোস্তাফিজুর ইমরান নুর, আরজু মনির চরিত্রে থাকবেন শাহনাজ সুমি। নুসরাত ইমরোজ তিশা অভিনয় করবেন রেনুর বড়বেলার চরিত্রে এবং রেনুর ছোটবেলার চরিত্রে থাকছেন দীঘি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। এর আগে আরও কয়েকজন অভিনয়শিল্পীর নাম জানা যাবে। বাংলা ছাড়াও উর্দু, হিন্দি ও ইংরেজি এই ৪টি ভাষায় ডাবিং হবে বঙ্গবন্ধুর বায়োপিক। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রটির জন্য বাজেট নির্ধারিত হয়েছে ৪০ কোটি টাকা। এই বাজেটের ৬০ ভাগ দিচ্ছে বাংলাদেশ ও ৪০ ভাগ ভারত।

বায়োপিকটি নির্মাণে শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য করেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্ব পেয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল। সব ঠিক থাকলে ২০২১ সালের ১৭ মার্চের আগেই আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়া হবে ‘বঙ্গবন্ধু’ শিরোনামের সিনেমাটি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com