মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

অসহায়দের সহায়তা করতে বাঁধনের আহ্বান

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন করোনা সংকটের এ সময়ে অসহায় ও বিত্তহীন মানুষদের সাহায্য করা কিংবা তাদের সমস্যার সমাধানে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘চলমান ভয়াবহ সংকটকালীন আমরা যারা আর্থিকভাবে সচ্ছল তারা হয়তো বাসায় বসেই সময় অতিক্রম করতে পারব কিংবা কঠিন মোকাবেলা করতে পারব; কিন্তু যারা দিনমজুর কিংবা অসহায় তাদের তো সেই আর্থিক সুযোগ নেই। হ্যান্ড স্যানিটাইজার তো দূরের কথা তিনবেলা খাবার সংগ্রহ করাই তাদের জন্য চ্যালেঞ্জ হবে। তাই সমাজের বিত্তশালী কিংবা সামর্থ্যবান মানুষদের প্রতি আমার আহ্বান, আপনারা এ অসহায় ও বিত্তহীন মানুষদের জন্য কিছু করুন। করোনার সংকট যদি আরও বৃদ্ধি পায় তাহলে অনগ্রসর এ মানুষগুলোই বেশি সমস্যার মুখোমুখি হবে। তাই দেরি না করে এ বিষয়ে সংশ্লিষ্টদের যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।’

অন্যদিকে গত ছয় দিন ধরে নিজ বাসায়ই স্বেচ্ছায় বন্দি আছেন এ অভিনেত্রী। আইসিডিডিআরবির আবিষ্কার করা হ্যান্ড স্যানিটাইজার নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন অনলাইনে। সেখানে শুধু ডিটারজেন্ট দিয়ে কীভাবে এ হ্যান্ড স্যানিটাইজার তৈরি হয় তা দেখিয়েছেন তিনি।

এছাড়া দীর্ঘ দুই বছর পর অভিনয়ে ফিরেছেন এ অভিনেত্রী। আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় ছবিটির শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com