মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

পবন কল্যাণের বিপরীতে জ্যাকলিন

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। এবার তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণের সঙ্গে জুটি বাঁধছেন তিনি।

সিনেমা প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘সিনেমাটির প্রেক্ষাপট ১৮৭০ সাল। এটি একটি প্যান ইন্ডিয়া সিনেমা এবং একাধিক ভাষায় মুক্তি দেওয়া হবে। জ্যাকলিন নতুন কিছু করতে চাইছিলেন তাই এই দিকে এগিয়েছেন। হায়দরাবাদ এসে তিনি কয়েকবার পরিচালক ও তার সহ-অভিনেতার সঙ্গে দেখাও করেছেন।’

সিনেমাটির জন্য ৪০ দিনের শিডিউল দিয়েছেন জ্যাকলিন। করোনাভাইরাসের জন্য শুটিং বন্ধ আছে। এই নিষেধাজ্ঞা উঠে গেলেই শুটিং শুরু হবে। সূত্রটি আরো বলেন, ‘হায়দরাবাদের একাধিক স্টুডিওতে বিশাল সেটে সিনেমার শুটিং হবে। পরবর্তী সময়ে স্পেশাল এফেক্টের মাধ্যমে দৃশ্য পরিবর্তন করা হবে। জ্যাকলিনকে ভিন্নরূপে দেখা যাবে।’

অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এই সিনেমার নাম ঠিক হয়নি। জানা গেছে, এতে পবন কল্যাণকে রবিনহুডের মতো একটি চরিত্রে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করবেন কৃষ। এর আগে অক্ষয় কুমারের গাব্বার ইজ ব্যাক, কঙ্গনা রাণৌতের মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি সহ বেশ কয়েকটি দক্ষিণী সিনেমা পরিচালনা করেছেন তিনি।

রেস-থ্রি সিনেমার পর প্রায় এক বছর বিরতিতে ছিলেন জ্যাকলিন। এই সময় লস অ্যাঞ্জেলেসে অভিনয়ের উপর বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। অবশ্য গত বছর মুক্তি পাওয়া সাহো সিনেমার একটি আইটেম গানে তাকে দেখা গেছে। এছাড়া নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার ড্রাইভ সিনেমাটি।

পবন কল্যাণের এই সিনেমা ছাড়াও অ্যাটাক সিনেমায় দেখা যাবে জ্যাকলিনকে। এতে জন আব্রাহামের বিপরীতে অভিনয় করছেন তিনি। সালমান খানের কিক-টু সিনেমাতেও তার অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com