মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

বিশ্বকাপে ভয়ংকর হবে ইংল্যান্ড

পাকিস্তানের বিপক্ষে ৭ ম্যাচের রোমাঞ্চকর সিরিজ জয়ের পর নিজেদেরকে টি-টোয়েন্টির ভয়ংকর দল বললেও আসন্ন বিশ্বকাপে ফেভারিট ভাবছেন না মঈন আলি। তার মতে, ২২ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু বৈশ্বিক আসরে তাদের মুখোমুখি হতে ভয়ে থাকবে বাকি সব দল।

১৭ বছর পর পাকিস্তান সফরে দারুণ প্রতিদ্বন্দ্বিতার পর ৪-৩ ম্যাচে সিরিজ জিতেছে ইংল্যান্ড মঈন আলির নেতৃত্বে। লাহোরে শেষ দুই ম্যাচে জিতে সিরিজ নিজেদের করে নেয় তারা। ষষ্ঠ ম্যাচে ১৭০ রানের লক্ষ্য তাড়ায় ইংল্যান্ড জয় পায় ৮ উইকেট ও ৩৩ বল বাকি রেখে। আর রবিবার সিরিজ নির্ধারণী ম্যাচে ২০৯ রানের পুঁজি গড়ে স্বাগতিকদের ১৪২ রানে থামিয়ে তুলে নেয় ৬৭ রানের জয়।

নিয়মিত অধিনায়ক জস বাটলারের চোটে এই সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালনকারী মঈন মনে করেন, পাকিস্তানকে তাদের মাটিতে হারানোর আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভালো করতে পারবেন তারাÑ ‘এই সিরিজ জিততে পেরে আমরা খুব খুশি। ভালো অবস্থায় আমরা অস্ট্রেলিয়ায় যাচ্ছি। তবে আমি বিশ্বকাপে নিজেদের ফেভারিট মনে করি না। সত্যি বলতে, আমি ওই রকম অনুভবই করি না। তবে জানি, আমরা খুব ভয়ংকর দল এবং অন্য দলগুলো আমাদের বিপক্ষে খেলতে ভয়ে থাকবে। এরপরও আমার মনে হয় অস্ট্রেলিয়া ও ভারত ফেভারিট।’

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ২ নম্বর ইংল্যান্ড বিশ্বকাপ সুপার টুয়েলভে আছে ১ নম্বর গ্রুপে। যেখানে তাদের সঙ্গী আফগানিস্তান, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং প্রাথমিক পর্বের ‘এ’ গ্রুপের শীর্ষ দল ও ‘বি’ গ্রুপের দ্বিতীয় সেরা দল। ২২ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইংলিশদের বিশ্বকাপ অভিযান। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ অক্টোবর থেকে তিন টি-টোয়েন্টির সিরিজ খেলবে তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com