মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

হেসেখেলেই চ্যাম্পিয়ন ভারত

১১ সেপ্টেম্বর পাকিস্তানকে হারিয়ে ষষ্ঠ এশিয়া কাপ জিতেছিল শ্রীলঙ্কা পুরুষ দল। এক মাস পর কাল সিলেটে দেশকে আবার সেই আনন্দ দিতে ব্যর্থ লঙ্কান নারী ক্রিকেটাররা। ভারতের কাছে একপেশে ফাইনালে হেরে গেছে তারা। তাদের মাত্র ৬৫ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটে ম্যাচ জিতে এশিয়া কাপ পুনরুদ্ধার করেছেন ভারতের নারীরা। এ নিয়ে সপ্তমবার নারী এশিয়া কাপ জিতল ভারত।

শ্রীলঙ্কা-ভারত ফাইনাল দেখতে সিলেট স্টেডিয়ামে দর্শক হয়েছিল ভালোই। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপভোগ করতে পারেননি তারা। টস জিতে আগে ব্যাট করা শ্রীলঙ্কা নিজেরাই বিপদে পড়ে যেন। ভারত বোলারদের সামনে একেবারেই কাবু তাদের ব্যাটাররা। পুরো ইনিংসে মাত্র দুজন দুই অঙ্কের ঘরে রান তোলেন, তাও লোয়ার অর্ডারে। ওশাদি রানাসিংহে ২০ বলে ১৩ ও ইনোকা রানাবীরা ২২ বলে অপরাজিত ১৮ না করলে লঙ্কার রান আরও কম হতো। ভারত স্পিনার দীপ্তি শর্মা ৪ ওভারে মাত্র ৭ রান দেন। পেসার রেনুকা সিং ৩ ওভারে ৫ রানে নেন ৩ উইকেট। রান তাড়ায় নেমে ওপেনার স্মৃতি মাত্র ২৫ বলে ৩ ছক্কা ও ৬ চারে ৫১ রান করেন। দুই উইকেট হারালেও অধিনায়ক হারমানপ্রিত কৌর ১৪ বলে ১১ রানে স্মৃতির সঙ্গে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।

২০০৪ থেকে শুরু নারী এশিয়া কাপে প্রতিবারই শিরোপা জিতেছে ভারত। ৮ আসরের মধ্যে ২০১৮ সালে ভারতের জয়রথ থামায় বাংলাদেশ।

নারী দলের এশিয়া কাপ জয়ের দিন ভারত পুরুষ দলের বাংলাদেশে তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজের তারিখ প্রায় ঠিক হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণাও আসবে। ফুটবল বিশ্বকাপ চলাকালীন ৪ ও ৭ ডিসেম্বর মিরপুরে হবে প্রথম দুই ওয়ানডে। ১০ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে এবং ১৪-১৮ ডিসেম্বর প্রথম টেস্ট হবে চট্টগ্রামে। দ্বিতীয় টেস্ট মিরপুরে হবে ২২-২৬ ডিসেম্বর। এভাবেই এখন পর্যন্ত সূচি ঠিক করা আছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com