মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

অজিদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ১৫৮

নিজেদের ঘরের মাটির বিশ্বকাপে প্রথম ম্যাচ হেরে খাদের কিনারায় চলে গেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৫৮ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫৮ রানের টার্গেটে ব্যাট করছে অজিরা।

ইনিংসের শেষ ওভারে ২০ রান তুলে লড়াকু সঙ্গগ্রহ পায় লঙ্কানরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার পক্ষে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাস্টন অ্যাগার, জশ হ্যাজেলউড সবাই নেন ১টি করে উইকেট।

পার্থে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারে দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় লঙ্কানরা। ৬ বলে ৫ রান করে প্যাট কামিন্সের বলে আউট হন কুশাল মেন্ডিস। এরপর ক্রিজে আসেন ধনঞ্জয়া ডি সিলভা। ওপেনিংয়ে নামা পাথুম নিশাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভা মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। অজি পেসাররা চাপে রাখে এই দুই ব্যাটারকে। হাত খুলে খেলার চেষ্টা করলেও ব্যর্থ হয় দুই লঙ্কান ব্যাটার।

তবে, পাওয়ার প্লেতে আর কোন বিপদ ঘটতে দেননি পাথুম নিশাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভা। পাওয়ার প্লের ৬ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩৬ রান। তবে পাওয়ার প্লের পর কিছুটা রানের গতি বাড়ান এই দুই ব্যাটার। দুজন মিলে ৬৯ রানে জুটি গড়েন। ইনিংসের ১২তম ওভারে দলীয় ৭৫ রানে আউট হন ধনঞ্জয়া ডি সিলভা।

এরপর চারিথ আসালাঙ্কা আগ্রাসী ব্যাটিংয়ে করতে থাকেন। ইনিংসের ১৪তম ওভারে রান নিতে গিয়ে ভুল বুঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন পাথুম নিশাঙ্কা। ৪৫ বলে ৪০ রান করে ফিরে যান তিনি। এরপর ব্যাটিংয়ে এসে দ্রুতই আউট হন ভানুকা রাজাপাকসে। দলীয় ১০৬ রানে ৫ বলে ৭ রান করে ফিরে যান তিনি। তার বিদায়ের পর পরই বিদায় নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। দলীয় ১১১ রানে ৫ বলে মাত্র ৩ রান করে ফিরে যান তিনি। অধিনায়কের ফেরার পর চাপে পড়লেও আগ্রাসী ব্যাটিং করতে থাকেন চারিথ আসালাঙ্কা।

তবে, তাকে সঙ্গ দিতে পারেননি ক্রিজে আসা ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ বলে খেলে মাত্র ১ রান করে হ্যাজেলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান তিনি।

টস জিতে বোলিংয়ে অস্ট্রেলিয়া
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আজ একটাই ম্যাচ। যেখানে শ্রীলঙ্কার মুখোমুখি অস্ট্রেলিয়া। টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে অজি ক্যাপটেন।হার দিয়ে আসর শুরু অজিদের, অন্যদিকে প্রথম ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল ৫টায়।

১১ বছর পর ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার। শিরোপা ধরে রাখার মিশনে এমন ধাক্কা অজিদের সেমিফাইনাল পথ কঠিন করেছে। বাকি চার ম্যাচে স্বাগতিকদের জিততেই হবে। হারলেই থাকবে ছিটকে যাওয়ার সম্ভাবনা। সেই চ্যালেঞ্জে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই ফিঞ্চের দলের।

গ্রুপে টেবিলের তলানীতে অস্ট্রেলিয়া। ১ ম্যাচ শেষে তাদের রানরেট সবচেয়ে কম। শীর্ষে নিউজিল্যান্ড। আর শ্রীলঙ্কার অবস্থান দুইয়ে।

কিউইদের বিপক্ষে হারের শোক কাটিয়ে ঘুরে দাড়াতে চায় অস্ট্রেলিয়ার। ওপেনিংয়ে ওয়ার্নার-ফিঞ্চ জুটি চমকের অপেক্ষায় ভক্তরা। যে কোন মূহূর্তে দলকে সাপোর্ট দেয়ার ক্ষমতা আছে ম্যাক্সওয়েল, মিচেল মার্শের। প্রতিপক্ষকে বল হাতে কাবু করতে পারেন স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড।

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ বলেন, টুর্নামেন্টে এমন হার জিত থাকবেই। আমাদের নিজেদের উপর বিশ্বাস আছে। পার্থের চেনা কন্ডিশনে শ্রীলঙ্কার বিপক্ষে জিতে ঘুরে দাঁড়াতে চাই।

সুপার টুয়েলভের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে ছন্দে আছে শ্রীলঙ্কা। তবে ঘরের মাঠে চ্যাম্পিয়নদের হারানো সহজ হবে না লঙ্কানদের জন্য। হাসারাঙ্গা, থিকশানা স্পিনজুটি দলটির মূল অস্ত্র। ব্যাটিংয়ে শানাকার দলকে নির্ভার রেখেছেন নিসাঙ্কা, মেন্ডিসরা।

শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড অজিদের সাহস যোগাবে। ২৫ দেখায় ১৫ জয় তাদের। সবশেষ পাঁচ ম্যাচেও জিতেছে তিনবার।

অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাস্টন অ্যাগার, জশ হ্যাজেলউড।

শ্রীলঙ্কা একাদশ : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা, চামিকা করুণারত্নে, মহেশ থিকসানা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com