রবিবার, ০৫ Jul ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

‘বিশ্বকাপ লজ্জা’র পর ভারতীয় দল থেকে ছাঁটাই হচ্ছেন কারা?

সেমিফাইনালে ১০ উইকেটে হারের লজ্জা নিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত। ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যর্থতার কারণ অনুসন্ধান। বোর্ডে তলব করা হয়েছে কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা ব্যাটার বিরাট কোহলিকে। সেইসঙ্গে শোনা যাচ্ছে দল পুনর্গঠনের কথা।

পরিস্কার করে বললে, ভারতের টি-টোয়েন্টি দলে বড় রকমের ছাঁটাই হতে যাচ্ছে বলে দাবি করছে দেশটির গণমাধ্যমগুলো।

বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, অধিনায়ক রোহিত শর্মা এমনকী বিরাট কোহলির ওপরও ছাঁটাইয়ের খড়গ নেমে আসতে পারে! তবে যেহেতু দুজনেই বড় তারকা, তাই নিজেদের ভবিষৎ নিয়ে সিদ্ধান্ত তাদের ওপরই ছেড়ে দেওয়া হবে। এছাড়া অন্য দুই সিনিয়র দীনেশ কার্তিক এবং রবিচন্দ্রন অশ্বিন শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন বলে মনে করা হচ্ছে। এই দুজনকে অন্তত টি-টোয়েন্টি থেকে ছেঁটে ফেলা হবে।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড নির্বাচনে প্রাধান্য দেওয়া হয়েছিল অভিজ্ঞতাকে। তাই ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, সঞ্জু স্যামসন, শ্রেয়স আয়ার, পৃথ্বী শ, শুভমান গিল, ঈশান কিষানরা সুযোগ পাননি। নাম প্রকাশ না করে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘বোর্ড কখনও কাউকে অবসর নিতে বলেনা। সামনে খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ নেই। সিনিয়ররা টেস্ট এবং ওয়ানডেতে ফোকাস করবেন। যদি সিনিয়ররা টি-টোয়েন্টি থেকে অবসর না নেন, তাহলে খুব কম সংখ্যক সিনিয়র ক্রিকেটারে খেলার সুযোগ পাবেন। ‘

আগামী বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। তাই তারা এখন থেকে ৫০ ওভারের ফরম্যাটেই বেশি জোর দেবে। পাশাপাশি তরুণদের নিয়ে গড়ে তোলা হবে টি-টোয়েন্টি দল। রোহিত শর্মা আর বিরাট কোহলিকে অবসর নোওয়ার সুযোগ দেওয়া হবে। সেইসঙ্গে ছাঁটাইয়ের তালিকায় আছে আরেক ওপেনার লোকেশ রাহুলের। বিশ্বকাপে তিনি সুপার ফ্লপ।  বোলারদের মেডেন ওভার উপহার দেওয়ার মতো ‘অপরাধ’ তিনি ঘটিয়েছেন! তাই রাহুলকে আর টি-টোয়েন্টিতে সুযোগ দেওয়া হবে না বলেই মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com