শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
ফ্রান্স না আর্জেন্টিনা? বিশ্বকাপ ময়দানে ফাইনালের উত্তেজনা। ঠিক তার আগের রাতে নোরা ফাতেহি গেলেন ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনোর কাছে। হাতে টুকটুকে লাল বাক্স, সবুজ ফিতে দিয়ে মোড়া। নোরা সেটি উপহার দিলেন ইনফ্যান্তিনোকে। কী আছে ভেতরে?
সহকারীর সাহায্য নিয়ে উৎসাহ ভরে বাক্স খুললেন প্রেসিডেন্ট। তার পরই শিশুর মতো হেসে উঠলেন তিনি। বাক্সের থেকেও উজ্জ্বল লাল রঙের এক জোড়া জুতো রয়েছে ভেতরে! জুতোর তলায় নরম কাঁটা। ওপরে ড্রাগনের গায়ের মতো নকশা তোলা। অস্বাভাবিক উজ্জ্বল সেই জুতো জোড়া ঘুরিয়ে-ফিরিয়ে দেখে চললেন ইনফ্যান্তিনো। বললেন, ‘বাহ! আমার খুব পছন্দ হয়েছে। এটা সোজা আমার অফিসে যাবে।’
তাকে খুশি হতে দেখে নোরাও আপ্লুত। বললেন, ‘আপনার পছন্দ হয়েছে, এতেই আমি ধন্য। এই জুতো জোড়া দেখলেই আপনার আমাদের কথা মনে পড়বে।’ নোরা জানান, এই জুতো বিশেষভাবে ইনফ্যান্তিনোর জন্যই তৈরি করা। বিশ্বকাপ সেমিফাইনালে মরক্কোর ঐতিহাসিক জয় উদযাপন, সেই সঙ্গে তাকে আমন্ত্রণ জানানোর কৃতজ্ঞতায় এই উপহারটুকু এনেছেন বলে জানান অভিনেত্রী।