শনিবার, ০৪ Jul ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
আগের দিন ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। এবার টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। ট্রাভিস হেডের সঙ্গে ক্যামেরুন গ্রিন হাঁকালেন ফিফটি। সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন শেষে পূর্ণ নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার।
৮ উইকেটে ৫৭৫ রান তুলে বুধবার নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সফরকারী দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে করেছিল ১৮৯ রান। অর্থাৎ ৩৮৬ রানের লিড পায় অজিরা।
দ্বিতীয় ইনিংসে রানের খাতা খোলার আগেই ওপেনার ডিন এলগার বিদায় নেন। সারেল এরউই ৭ ও থিউনিস ডি’ ব্রুইন ৬ রানে অপরাজিত আছেন।
এর আগে ৩ উইকেটে ৩৮৬ রান নিয়ে নতুন দিন শুরু করে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ৪৮ ও অ্যালেক্স ক্যারি ব্যক্তিগত ৯ রানে দিন শুরু করেন। ট্রেভিস হেড ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করে মাঠ ছাড়েন। তিনি আউট হন ৫১ রানে। ৫৫ বলের দাপুটে ইনিংসে হেড ৭টি চার ও ১টি ছক্কা হাঁকান।
তবে শতরানের আগে থামানো যায়নি অ্যালেক্স ক্যারিকে। তিনি ১১১ রান করে সাজঘরে ফেরেন। ১৪৯ বলের আগ্রাসী ইনিংসে ক্যারি ১৩টি চার মারেন। এ ছাড়া ৫টি বাউন্ডারির সাহায্যে ১৭৭ বলে ৫১ রানের ধৈর্যশীল ইনিংস খেলে অপরাজিত থাকেন ক্যামেরন গ্রিন, যিনি বল হাতে প্রথম ইনিংসে দলের হয়ে সর্বাধিক ৫ উইকেট নেন।
আগের দিন ডাবল সেঞ্চুরির পর চোটের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন ওয়ার্নার। এদিন হেড আউট হওয়ার পর মাঠে নামেন তিনি। কিন্তু আউট হন প্রথম বলেই। ২৫৫ বলে ২০০ রান করেন তিনি ১৬ চার ও ২ ছক্কায়।