শনিবার, ০৪ Jul ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

চেনা ছন্দে রিজওয়ান, দুরন্ত পাকিস্তান

সাদা বলের ক্রিকেটে ফিরতেই স্বমহিমায় মোহাম্মদ রিজওয়ান। অপরাজিত ফিফটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দলকে জেতালেন তিনি। ফখর জামান ও বাবর আজমও ফিফটি পেলেন। নাসিম শাহ শিকার করলেন ৫ উইকেট। সব মিলিয়ে অলরাউন্ড নৈপুণ্যেই সহজ জয় পেল পাকিস্তান।

করাচিতে সোমবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান। ২৫৬ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ১১ বল হাতে রেখে।

দিবারাত্রির ম্যাচে টসে হারেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন ডেভন কনওয়ে। ফিন অ্যালেন এবং উইলিয়ামসন প্রাথমিক ধাক্কা সামাল দিলেও আঘা সালমানের দুরন্ত ক্যাচে ফিরতে হয় অ্যালেনকে। উসামা মিরের দুরন্ত বলে ফেরেন উইলিয়ামসনও (২৬)।

নিউজিল্যান্ডের হয়ে পরের দিকে ভালো খেলেন টম ল্যাথাম (৪২) এবং মাইকেল ব্রেসওয়েল (৪৩)। ড্যারিল মিচেল (৩৬) এবং গ্লেন ফিলিপসও (৩৭) যোগ্য সঙ্গত দেন। তাতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৫ তোলে সফরকারী দল। নাসিম ৫৭ রান খরচায় ৫ উইকেট নেন।

পাকিস্তানেরও শুরুটা ভালো হয়নি। ১১ রান করে ফেরেন ইমাম উল হক। তবে দ্বিতীয় উইকেটে ফখর জমান এবং বাবর আজম ৭৮ রানের জুটি গড়েন। ফখর ৫৬ রানে আউট হন। বাবর ৬৬ রান করেন।

বাকি সময় দলকে একার হাতে টেনে নিয়ে যান রিজওয়ান। মাঝে তার পায়ের পেশিতে টান ধরলেও লড়াই ছাড়েননি। অপরাজিত থাকেন ৭৭ রানে। যোগ্য সঙ্গত দেন হারিস সোহেল (৩২)। তবে ম্যাচসেরা হয়েছেন নাসিম শাহ।

বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com