শনিবার, ০৪ Jul ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

জিদানের ব্রাজিলের কোচ হতে বাধা যেখানে

দ্বিতীয় দফায় রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে কোচিংয়ের বাইরে আছেন জিনেদিন জিদান। ধারণা করা হচ্ছিল বিশ্বকাপের পর ফ্রান্স জাতীয় দলের কোচ হবেন তিনি। তবে ২০২২ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স আস্থা রাখছে দিদিয়ের দেশমের ওপরই। ২০২৬ পর্যন্ত ফরাসিদের কোচ দেশমই। গণমাধ্যমে খবর যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়েছেন জিদান। তবে কোচ জিদানের ভবিষ্যৎ কী?

জিদানের অধীনে দুই মেয়াদে রিয়াল মাদ্রিদ তিনবার চ্যাম্পিয়নস লিগ এবং দুবার করে লা লিগা ও কোপা দেল রে শিরোপা জিতেছে। ২০২০-২১ এর পর রিয়ালের দায়িত্ব ছাড়েন। এরপর থেকেই জিদান ফাঁকা সময় কাটাচ্ছেন।

গত জুনে জিদান নিজেই বলেছিলেন, ‘আমি ফ্রান্সের কোচ হতে চাই। আশা করি, কোনো এক দিন হব। কখন, সেটা অবশ্য আমার ওপর নির্ভর করছে না।’ তবে দেশমের সঙ্গে নতুন করে চুক্তি হওয়ায় জিদানকে ফ্রান্সের দায়িত্ব নিতে থাকতে হবে অপেক্ষায়।

দেশম ফ্রান্স দলে কোচ হিসেবে যুক্ত হয়েছিলেন ২০১২ সালের ৮ জুলাই। থাকছেন ২০২৬-এর ৩১ জুলাই পর্যন্ত। নতুন চুক্তির ফলে দেশমই ফ্রান্সের ইতিহাসে লম্বা সময়ের কোচ হচ্ছেন।

এখন পর্যন্ত দেশমের অধীনে ফ্রান্স ১৩৯ ম্যাচ খেলে জিতেছে ৮৯টি, ড্র ২৬, হার ২৪টি। খেলোয়াড় ব্যবহার করেছেন ১০৫ জন। দেশমের অধীনে ফ্রান্স ২০১৬ ইউরো, ২০১৮ বিশ্বকাপ ও ২০২২ বিশ্বকাপ ফাইনালে খেলেছে।

জিদানের পরবর্তী গন্তব্য হিসেবে আগে থেকেই শোনা যাচ্ছে ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের নামও। তবে মৌসুমের মধ্যে এসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মাস্সিমিলিয়ানো অ্যালেগ্রির দল। তাই জিদানের তুরিনে আসার পথটাও ধোঁয়াশায় ঘেরা।

কাতার বিশ্বকাপের পর ব্রাজিল ও পর্তুগালের কোচের পদ ফাঁকা ছিল। পর্তুগাল অবশ্য এরই মধ্যে বেলজিয়ামের সাবেক কোচ রবের্তো মার্তিনেসকে দায়িত্ব দিয়েছে। ব্রাজিল কোচের পদটা এখন ফাঁকা।

ফুটবল বিশ্লেষকদের অনেকের ধারণা ব্রাজিলের কোচ হতে পারেন জিদান। তবে বিদেশি কোচ নিয়ে অনেক ব্রাজিলিয়ানের অনীহা এবং ভাষাগত সমস্যা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com