শনিবার, ০৪ Jul ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাকিয়ে অনন্য এক কীর্তি গড়েছেন শুভমান গিল। মাত্র ২৩ বছর ১৩২ দিন বয়সে এই দ্বিশতক রান স্পর্শ করেছেন তিনি। যে ইনিংসে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করলেন তিনি, ছাড়িয়ে গেলেন কিষানকে। চট্টগ্রামে ডাবল সেঞ্চুরির দিন কিষানের বয়স ছিল ২৪ বছর ১৪৫ দিন।
ডাবল সেঞ্চুরির দিন ব্যাটসম্যানদের বয়স
| ব্যাটসম্যান | ম্যাচের দিন বয়স |
| শুভমান গিল | ২৩ বছর ১৩২ দিন |
| ঈশান কিষান | ২৪ বছর ১৪৫ দিন |
| রোহিত শর্মা | ২৬ বছর ১৮৬ দিন |
| রোহিত শর্মা | ২৭ বছর ১৯৭ দিন |
| ফখর জামান | ২৮ বছর ১০২ দিন |
| মার্টিন গাপটিল | ২৮ বছর ১৭২ দিন |
| রোহিত শর্মা | ৩০ বছর ২২৭ দিন |
| বীরেন্দর শেবাগ | ৩৩ বছর ৪৯ দিন |
| ক্রিস গেইল | ৩৫ বছর ১৫৬ দিন |
| শচীন টেন্ডুলকার | ৩৬ বছর ৩০৬ দিন |
ফিফটি করতে গিলের লেগেছিল ৫২ বল, এরপর সেঞ্চুরিতে যান মাত্র ৮৭ বলেই। ৪৩তম ওভারের চতুর্থ বলে মাইকেল ব্রেসওয়েলকে ছক্কা মেরে ১৫০ পূর্ণ করেন তিনি। অন্য প্রান্তে ওয়াশিংটন সুন্দরের পর শার্দূল ঠাকুরও ফিরে যান, ৪৭তম ওভার পর্যন্ত আর কোনো বাউন্ডারিই পাননি গিল। ইনিংসের ৩ ওভার বাকি থাকতেও ডাবল সেঞ্চুরি থেকে ৩১ রান দূরে দাঁড়িয়ে ছিলেন।
সে ওভারে ব্লেয়ার টিকনারকে ৩ বলের মধ্যে ২ ছক্কা মেরে ডাবল সেঞ্চুরি নিয়ে আসেন নাগালের মধ্যে। ফার্গুসনকে মারা ছক্কার হ্যাটট্রিকে ডাবল সেঞ্চুরি পূর্ণ হয় ১৪৫ বলে। পরের ওভারে শিপলিকে আরেকটি ছক্কা মেরেছিলেন, যদিও আউট হন পরের বলেই। ইনিংসে গিল সব মিলিয়ে মেরেছেন ৯টি ছক্কা, সঙ্গে ছিল ১৯টি চার।
গিলের ডাবল সেঞ্চুরির দিনে ভারতীয় আর কোনো ব্যাটারের নেই অর্ধশত রানের ইনিংসও। গিল একাই করেছেন ভারতের ৫৯.৭৭ শতাংশ রান। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যা তৃতীয় সর্বোচ্চ।