শনিবার, ০৪ Jul ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

জেমি ডে’র পাওনা বেড়ে কোটি টাকা!

জেমি ডে’র পাওনা বাড়তে বাড়তে কোটি টাকা ছুঁয়েছে। ফিফার বেঁধে দেওয়া সময় ২৬ ডিসেম্বর পেরিয়ে গেলেও অর্থসংকটের মধ্যে সেটা পরিশোধ করতে পারেনি বাফুফে।

২০২১ সালে সাফ চ্যাম্পিয়নশিপের আগে, সেপ্টেম্বর মাসে জেমি ডে-কে বরখাস্ত করেছিল বাফুফে। চুক্তির মেয়াদ শেষের আগে বিদায় নেওয়া ইংলিশ কোচ বকেয়া বেতন পরিশোধের দাবিতে বাফুফের বিরুদ্ধে নালিশ করেন ফিফার কাছে। এসব ক্ষেত্রে সাধারণত কোচের পক্ষেই থাকে ফিফা। চুক্তি অনুযায়ী কোচের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিলেও বাফুফে এখনো দিতে পারেনি। সাত মাসের বকেয়া বেতন আর জরিমানা মিলে টাকার অঙ্কটা কোটি ছুঁয়ে গেছে। ২৬ ডিসেম্বরের মধ্যে দেওয়ার চেষ্টা করেও বাফুফে পারেনি অর্থাভাবে।

মেয়াদ পূর্তির আগে বাংলাদেশ দলের ফুটবল কোচকে বরখাস্ত করে বারবার নিজেদের বিপদ ডেকে এনেছে বাফুফে। জয়ের ধারায় থাকা কোনো দল হঠাৎ খারাপ করলে দায় চাপানো যায় কোচের ওপর। তখন তাঁকে বরখাস্তও করা যায়। কিন্তু যে দল জয়ের দেখা পায় কালেভদ্রে, সেই দলের কোচ বরখাস্ত করে অহেতুক জরিমানা গোনার কার্যকারিতা বাফুফেই ভালো বুঝবে! এমন দলের ক্ষেত্রে কোচিংয়ের চেয়ে ফুটবলারদের মান পড়ে যাওয়াও বড় সমস্যা। যেমন জেমির উত্তরসূরি হাভিয়ের কাবরেরাকে কি বদলে দিতে পেরেছেন বাংলাদেশ দলকে?

এক বছরে তিনি আট ম্যাচ খেলে জিতেছেন মাত্র একটি, কম্বোডিয়ার বিপক্ষে। তবু জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি আগামী জুন-জুলাইয়ে সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে স্বপ্ন দেখতে শুরু করেছে। গতকাল সভা শেষে উপকমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘সাফের জন্য আমাদের ভালো প্রস্তুতি নিতে হবে, তাই আমরা প্রস্তাবনা আকারে আলোচনা করেছি। এ জন্য মার্চের ফিফা উইন্ডোতে কোন কোন দলের বিপক্ষে আমরা খেলতে পারি এবং তার জন্য প্রস্তুতি নিতে হবে। তা ছাড়া এ বছর খেলাগুলো আমরা এমনভাবে খেলতে পারি যেন আমাদের র্যাংকিংয়ে উন্নতি হয়।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com