শনিবার, ০৪ Jul ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শাকিরার সঙ্গে বিচ্ছেদের পর জেরার্দ পিকের নতুন প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। আলোচনায় ছিলেন ক্লারা চিয়া মার্তি। তার জন্যই শাকিরা-পিকের বিচ্ছেদের খবরও চাউর হয়েছিল। তবে এই নারীর সঙ্গে সাবেক স্প্যানিশ ফুটবলারকে দেখার অপেক্ষায় ছিলেন সবাই। ভক্তদের সেই প্রতীক্ষা ফুরিয়েছে, নতুন প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে এসেছেন স্পেনের বিশ্বকাপজয়ী দলের সদস্য।
ক্লারার সঙ্গে নিজের প্রথম ছবি সামনে নিয়ে এলেন এই স্প্যানিশ তারকা। ইনস্টাগ্রামে ক্লারার সঙ্গে ছবি পোস্ট করার মধ্য দিয়ে নিজেদের প্রেমের আনুষ্ঠানিক ঘোষণাও দিলেন পিকে। যদিও অন্তরঙ্গ এ ছবি দিয়ে কিছু লেখেননি পিকে।
পিকে-শাকিরা জুটি মিলান (১০) ও শাশা (৭) নামের দুই সন্তানের মা–বাবা। ২০১১ সালের মার্চে এ জুটি সম্পর্কে জড়ানোর ঘোষণা দেন। এর আগে ২০১০ বিশ্বকাপের জন্য বানানো ‘ওয়াকা ওয়াকা’র গানের মিউজিক ভিডিওর সেটে প্রথম দেখা হয়েছিল তাঁদের।
সেই পরিচয়–পরবর্তী সময়ে প্রেমের সম্পর্কে রূপ নেয়। প্রায় ১০ বছরের বেশি সময় ধরে ঠিকঠাকই ছিল তাদের যৌথ জীবন। তবে সম্পর্কে ধাক্কা লাগে গত বছর। অন্য এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনাম হন পিকে। এর জেরে শেষ পর্যন্ত ভেঙেই যায় পিকে-শাকিরার সম্পর্ক।
এরপর একাধিক অনুষ্ঠানে পিকের সঙ্গে দেখা যেতে শুরু করে ২৩ বছর বয়সী ক্লারাকে। তখন যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি তাঁরা। এবার অবশেষে সেই কাজও সেরে নিলেন পিকে-ক্লারা। পেশাগত জায়গা থেকে ক্লারা পরিচিত মুখ না হলেও পিকের প্রোডাকশন কোম্পানি কসমসের মাধ্যমে চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের কাজ করছেন বলে জানা গেছে।