শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
বর্তমানে প্রতিটি মানুষের কাছেই ভীষণভাবে জনপ্রিয় রিয়েলিটি শো। সকলেই মুখিয়ে থাকেন দেখার জন্য যে নতুন কোন প্রতিভা উঠে আসে এবারের শো থেকে। সম্প্রতি শুরু হয়েছে জি বাংলায় ডান্স রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’। অন্যবারের মতো এবারেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একঝাঁক প্রতিভা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বিচারকেও রয়েছে নামজাদা মুখ। মহাগুরুর আসনে থাকা মিঠুন চক্রবর্তী সকলের নজর কাড়ছেন। এবার এ মঞ্চেরই এক প্রতিযোগীর পারফরমেন্সে চোখে পানি এলো বিচারকদের।
আসানসোলের ছেলে মানব। যার দুই চোখ ভরা স্বপ্ন ছিল ডান্স বাংলা ডান্স-এর মঞ্চে একদিন পা রাখবেন তিনি। আগের সিজনে এই স্বপ্ন পূরণের অনেকটা কাছে এসেও সে স্বপ্নপূরণ হয়ে ওঠেনি তার। কারণ একটি দুর্ঘটনা। হঠাৎই বাবা মারা যায় মানবের। ভেঙে যায় স্বপ্ন। কথায় আছে ভাঙা জিনিস জোড়া লাগানো ভীষণ কঠিন কাজ। মানবের স্বপ্নও তাই ভেঙে গিয়েছিল। আর কখনও কিছু ঠিক হবে না বলেই ভেবেছিল ছোট্ট ছেলেটি। কিন্তু, হাল ছাড়েননি মানবের বড়দা, মেজদা। টোটো চালিয়ে, ক্যাটারিং-এর কাজ করে তারা ঠিক করেন মানব যাতে তাঁর স্বপ্নপূরণ করতে পারেন।