রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

সৌদি লিগে খেলবেন রামোসও!

ক্রিস্তিয়ানো রোনালদোর পর করিম বেনজেমাও নাম লিখিয়েছেন সৌদি আরবের ফুটবলে। এই দুইয়ের পর রিয়াল মাদ্রিদের আরেক সাবেক তারকা পাড়ি দিতে পারেন দেশটিতে। তিনি সার্জিও রামোস।

স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর, সৌদি প্রো লিগের দল আল-আহলি চায় রামোসকে।
গত জানুয়ারিতে রোনালদোকে দলে টেনে বিস্ময় উপহার দেয় আল নাসর। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ক্লাবটিতে যোগ দেন পর্তুগিজ সুপারস্টার।

এ মাসে করিম বেনজেমা রিয়াল মাদ্রিদ ছেড়ে যোগ দিয়েছেন আল ইত্তিহাদে। যারা চলতি মৌসুমে জিতেছে সৌদি প্রো লিগের শিরোপা। এবার রামোসে চোখ আল-আহলির।

সদ্য শেষ হওয়া মৌসুমে প্রথম বিভাগ থেকে সৌদি প্রো লিগে উত্তীর্ণ হয়েছে আল-আহলি। মুন্দো দেপোর্তিভো তাদের প্রতিবেদনে বলেছে, রামোসের জন্য ২ কোটি ডলারের চুক্তি প্রস্তাব প্রস্তুত করছে ক্লাবটি।

আল নাসরের সঙ্গে রোনালদো ও ইত্তিহাদের সঙ্গে বেনজেমার চুক্তি অবশ্য এর চেয়ে অনেক বেশি অঙ্কের।

২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন রামোস। এ মাসের ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তার। তবে এই ডিফেন্ডার এরই মধ্যে ক্লাব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে বিদায়ী ম্যাচও খেলে ফেলেছেন।

এর আগে গত ফেব্রুয়ারিতে খবর ছড়িয়েছিল, আল-নাসর রামোসকে দলে টানার চেষ্টা করছে। যদিও সেটা পরে সত্যি হয়নি।

স্প্যানিশ কিংবদন্তি রামোস আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন আগেই। ক্লাব ক্যারিয়ারে তার নতুন ঠিকানা কোথায় হয়, সেটা এখন দেখার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com