শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

টাইব্রেকারে সিটিকে হারিয়ে শিরোপা জিতল আর্সেনাল

প্রিমিয়ার লিগের গত মৌসুমে আর্সেনালকে হতাশ করে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার সিটি। আরেকবার গানারদের দুঃখে ভাসানোর খুব কাছে ছিল সিটিজেনরা। কিন্তু ইনজুরি টাইমের শেষ মিনিটে গোল হজম করে তারা। ম্যাচ মোড় নেয় নাটকীয়তায়। এরপর পেনাল্টি শুটআউটে সুযোগ নষ্টের খেসারত দেয় গতবারের ট্রেবল জয়ী ম্যানসিটি। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে টাইব্রেকারে তাদের ৪-১ গোলে হারিয়ে কমিউনিটি শিল্ড জেতে আর্সেনাল।

প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিল ম্যানসিটি। তবে ভালো সুযোগ পেয়েছিল আর্সেনাল। এই মৌসুমে তাদের বড় চুক্তি কাই হ্যাভার্জ অভিষেকে দুটি সুযোগ নষ্ট করেন। তার দুটি প্রচেষ্টা সেভ করেন সিটিজেন কিপার স্টেফান ওর্তেগা।

পেপ গার্দিওলার দল দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে। আক্রমণে চেপে ধরে তারা আর্সেনালকে। জন স্টোন্সের একটি হেড সেভ করেন অ্যারন রামসডেল। তবে বদলি নেমে ম্যাচ ঘুরিয়ে দেন কোল পালমার। ৭৭ মিনিটে তার বাঁকানো শটে চোখ ধাঁধানো গোল ম্যাচের পার্থক্য গড়েই দিয়েছিল। কিন্তু যোগ করা সময়ের ১১তম মিনিটে তারা গোল হজম করে। কর্নার থেকে বুকায়ো সাকার অ্যাসিস্টে ডানপ্রান্ত থেকে লক্ষ্যভেদ করে সমতা ফেরান রিয়ান্দ্রো ট্রসার্ড।

সরাসরি ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর্সেনালের মার্টিন ওডেগার্ড বাঁ পায়ের নিচু কোনাকুনি শটে জাল কাঁপান। প্রথম শটেই হতাশ করে ম্যানসিটি। কেভিন ডি ব্রæইনার ডান পায়ের শট গোলবারে আঘাত করে। ট্রসার্ড আর্সেনালকে আরও এগিয়ে দেন। বের্নার্দো সিলভা সিটিজেনদের সমতা ফেরান লক্ষ্যভেদ করে। সাকা আর্সেনালের তিন নম্বর গোল করেন। রদ্রির শট ঠেকিয়ে দেন রামসডেল। ম্যানসিটির এই গোল মিসের সুযোগ নিতে ভুল করেনি আর্সেনাল। চতুর্থ শটে ফ্যাবিও ভিয়েইরা জাল কাঁপান।

এনিয়ে টানা তিনবার কমিউনিটি শিল্ডে হারলো ম্যানসিটি। ২০২১ সালে লিস্টার সিটির বিপক্ষে, গতবার লিভারপুলের কাছে, এবার আর্সেনালের হাতে এই ট্রফিবঞ্চিত হলো ম্যানসিটি। আর ২০২০ সালের পর প্রথম ও সব মিলিয়ে ১৭ বার কমিউনিটি শিল্ড জিতলো গানাররা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com