শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

আফগানদের ২৯২ করতে হবে ৩৭.১ ওভারে

এশিয়া কাপের বি গ্রুপ থেকে সুপার ফোরে উঠে গেছে বাংলাদেশ। দ্বিতীয় দল হিসেবে কোন দল যাবে চার দলের পর্বে তা নিশ্চিতে লাহোরে খেলছে শ্রীলঙ্কা আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৯১ রান তুলেছে লঙ্কানরা। ৩৭.১ ওভারের মধ্যে ওই রান করে জিততে পারলে আফগানিস্তান লঙ্কানদের রানরেটে পেছনে ফেলে উঠে যাবে সুপার ফোরে।

ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুনারত্নে। আফগানিস্তানের তিন বোলার মুজিব উর রহমান, ফজল হক ফারুকি ও গুলবাদিন নাইব কাউকেই ছাড় দেননি তারা। পাওয়ারপ্লের ১০ ওভারের মধ্যে স্কোরবোর্ডে ৬২ রান তোলেন দুজন।

এরপরই ঘটে ছন্দপতন। করুনারত্নে একাদশ ওভারের দ্বিতীয় বলে ৩৫ বলে ৬ বাউন্ডারিতে ৩২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। দ্রুত ফিরে যান আরেক ওপেনার নিশাঙ্কাও। তার আগে ৪০ বলে ৬ বাউন্ডারিতে ৪১ রান করেন তিনি। ইনিংস বড় করতে পারেননি সাদিরা সামারাভিক্রমাও।

উইকেটে এসে আক্রমনাত্মক ব্যাটিং করেন কুশাল মেন্ডিস। চারিথ আসালাঙ্কাকে সাথে নিয়ে ৯৯ বলে গড়েন ১০২ রানের জুটি। তবে সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে ফিরেছেন তিনি। রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে করেন ৮৮ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৯২ রান। আসালাঙ্কার করেন ৪৩ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৬ রান।

ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক দাসুন শানাকা। ৮ বলে ১ বাউন্ডারিতে মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর দুনিথ ওয়েলালাগে ও মাহিশ থিকসান মিলে গড়েন ৬৪ রানের জুটি। আর তাতেই ২৯১ রানে থামে তাদের ইনিংস।

আফগানিস্তানের হয়ে ১০ ওভারে ৬০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন গুলবাদিন নাইব। দুটি উইকেট শিকার করতে রশিদ খান খরচ করেছেন ৬৩ রান। এছাড়াও মুজিব উর রহমান ৬০ রান দিয়ে নিয়েছেন এক উইকেট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com