রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
‘শ্বাসকষ্টজনিত অসুস্থতার সাম্প্রতিক বৃদ্ধি একটি সাধারণ সমস্যা। যা চীন কর্তৃপক্ষের কার্যকর নিয়ন্ত্রণে রয়েছে।’ চীনে ছড়িয়ে পড়া ‘রহস্যময়’ নিউমোনিয়া নিয়ে তৈরি হওয়া আতঙ্কের মধ্যে গতকাল বুধবার (২৯ নভেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ কথা বলেন।
ওয়াং জাতিসংঘে সাংবাদিকদের জানান, ‘সম্প্রতি আমরা চীনের কিছু অংশে শিশুদের মধ্যে ফ্লু ভাইরাসের উপস্থিতি দেখেছি। যা অনেক দেশে খুব সাধারণ ঘটনা। চীনে এটি কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখা হয়েছে’।
এদিকে চীনে ছড়িয়ে পড়া ‘রহস্যময়’ নিউমোনিয়া নিয়ে ভারতে অন্তত ৬টি রাজ্যে সতর্কতা জারি করেছে। দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা সতর্কবার্তায় যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখাতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ১২ নভেম্বর এক সংবাদ সম্মেলনে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় ন্যাশনাল হেলথ কমিশনের কর্মকর্তারা জানিয়েছিলেন, দেশজুড়ে এই রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। নতুন এ রোগে আক্রান্ত শিশুদের প্রথমে ইনফ্লুয়েঞ্জার বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে। আর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে শ্বাসকষ্ট, যা নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের লক্ষণ।