শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় জাপান এয়ারলাইনসের একটি উড়োজাহাজে আগুনের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় দুর্ঘটনায় পড়ে ফ্লাইটটি। খবর বিবিসি।
বিমানটির ৩৭৯ যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইনটি। মঙ্গলবার (২ জানুয়ারি) কোস্ট গার্ডের একটি বিমানের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের পর ওই যাত্রীবাহী বিমানটিতে আগুন ধরে যায়।
দেশটির সম্প্রচারমাধ্যম এনএইচকের একটি ফুটেজে দেখা গেছে, বিমানের জানালা ও নিচে আগুন জ্বলছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে এনএইচকে জানিয়েছে, অবতরণের পর অন্য একটি উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষের কারণে অগ্নিকাণ্ড ঘটতে পারে।
জেএএল ৫১৬ উড়োজাহাজটি হোক্কাইডো থেকে উড্ডয়ন করেছিল।
এদিকে গতকাল সোমবার দুপুর থেকে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের বিস্তৃত অঞ্চল। এর মধ্যে সবচেয়ে বড় কম্পনটি ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৬ মাত্রার। এ ঘটনায় এখনো পর্যন্ত ৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির কিছু এলাকার বাড়িঘর। এছাড়া বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ ও সাবওয়ে চলাচল। প্রথম ভূমিকম্পের পরপর সুনামি সতর্কতা জারি হলেও এর কোনো প্রভাব দেখা যায়নি।