মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
ডোনাল্ড ট্রাম্পকে ফৌজদারী মামলার বিচার থেকে আংশিক ছাড় দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের দেওয়া রায়কে প্রেসিডেন্ট জো বাইডেন ‘বিপজ্জনক নজির’ হিসেবে বর্ণনা করেছেন। খবর বিবিসির।
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই আদেশ ‘আইনের শাসনকে’ ক্ষুণ্ন করেছে এবং এটি আমেরিকানদের জন্য ‘ভয়ানক ক্ষতি’।
এর আগে ট্রাম্প অবশ্য আদালতের সিদ্ধান্তকে গণতন্ত্রের জন্য ‘বড় জয়’ হিসেবে আখ্যা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (১ জুলাই) সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়, সাবেক প্রেসিডেন্টরা তাদের সাংবিধানিক ক্ষমতার মাধ্যমে গৃহীত পদক্ষেপের জন্য ছাড় পাবেন, তবে ব্যক্তিগতভাবে গৃহীত পদক্ষেপের জন্য নয়। আদালতে ৯ সদস্যের বেঞ্চে ছয়জনই এই আদেশের পক্ষে এবং বাকিরা বিরোধিতা করেন। দেশটির ইতিহাসে এবারই প্রথম সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে, সাবেক প্রেসিডেন্টরা যেকোনো ক্ষেত্রে অপরাধের অভিযোগ থেকে রক্ষা পেতে পারেন।
বিচারককে এখন নির্ধারণ করতে হবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ক্ষমতায় কোন কাজগুলো করা হয়েছিল, যা করতে কয়েক মাস সময় লাগতে পারে। আসন্ন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিচার শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।