বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:০০ অপরাহ্ন

মুক্তিযোদ্ধাদের কাছে ৭১-এর গল্প শুনেছি নেসলের কাজটি করতে গিয়ে

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : সম্প্রতি নেসলের একটি বিজ্ঞাপন বানিয়েছেন এ প্রজন্মের নির্মাতা তানভীর আহসান। ছয় বছর আগে প্রথম বিজ্ঞাপন নির্মাণ করেন তিনি। কাজ করেছেন অমিতাভ রেজার সঙ্গে। আলোচিত ছবি আয়নাবাজির সঙ্গেও যুক্ত ছিলেন।

এরপর নিজেই প্রযোজনা প্রতিষ্ঠান খোলেন। নাম ব্রেথিং স্পেস। এখান থেকেই তার একক যাত্রা শুরু। পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, আমি আসলে লেখক হতে চেয়েছিলাম। তবে, ফিল্ম এপ্রিসিয়েশান করতে গিয়ে পরিচালনায় চলে আসি। এ পেশায় কাজ করার ভালো দিকটা হচ্ছে প্রত্যেকটা শুটিংই আসলে এক-একটা জার্নি।

এ জার্নিতে আমরা অনেক মানুষের সঙ্গে জানা আর হাজারও ঘটনার সঙ্গে পরিচিত হতে ভালো লাগে। আর শুটিংটা আমার খুব পছন্দের কাজ। নেসলের বিজ্ঞাপন প্রসঙ্গে তানভীর আহসান বলেন, ‘১৬ই ডিসেম্বর ঘিরে বিজ্ঞাপনটি নির্মাণ করেছি। যখন স্ক্রিপ্ট হাতে পাই তখন থেকেই আমার এক্সাইটমেন্ট শুরু হয় এ গল্পটা নিয়ে। কারণ এটা বাবাকে নিয়ে একটা ছেলের জার্নি।

বিষয়টি এমন, বাবার মৃতদেহ দাফনের জন্য নিয়ে যাচ্ছে ছেলে। শুটিংয়ের জন্য বেছে নিয়েছি তাহিরপুর, টেকেরঘাট। সেখানে ৭১-এ সামনাসামনি যুদ্ধ হয়। ওখানে মুক্তিযোদ্ধাদের একটা কবরস্তানও আছে।’

কাজটি করা প্রসঙ্গে তিনি বলেন, একজন পরিচালক একটি সুন্দর গল্পের জন্য মুখিয়ে থাকেন। প্রথমত, এটার স্ক্রিনপ্লেটা খুব সুন্দর ছিল। দ্বিতীয়ত, আইডিয়াটা খুব সহজ কিন্তু সুন্দর ছিল।

তৃতীয়ত, এটাতে সুন্দর সুন্দর ছবি তৈরি করার সুযোগ ছিল। এ তিনটি জিনিস যে গল্পে থাকে সেই গল্প এড়িয়ে যাওয়া যায় না। নেসলের কাজটি তেমনই একটি কাজ ছিল। তাছাড়া এ কাজটি করতে গিয়ে অনেক মুক্তিযোদ্ধার সঙ্গে আমার কথা হয়। তাদের মুখে ৭১-এর গল্প শোনাটাও আমার কাছে অনেক বড় পাওয়া।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com