শনিবার, ১১ Jul ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

হ্যাট্রিক জয়ে চোখ রাজশাহীর, খুলনার লক্ষ্য দ্বিতীয় জয়

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : ঢাকা পর্বে দুই ম্যাচ খেলে দুইটিতেই জিতেছে রাজশাহী রয়্যালস। এবার চট্টগ্রামের মাটিতে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটে হ্যাট্রিক জয়ের স্বাদ নিতে চায় রাজশাহী। সেই লক্ষ্য নিয়ে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুপুর ১টা ৩০ মিনিটে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে রাজশাহী। অপরদিকে, ঢাকায় মাত্র ১টি ম্যাচ খেলেছে খুলনা। জিতেছেও সেটিতে। সেই ধারা ধারা অব্যাহত রেখে চট্টগ্রামের মাটিতে দ্বিতীয় জয়ের স্বাদ নেওয়া লক্ষ্য খুলনার।

এবারের বিশেষ বিপিএলের দ্বিতীয় দিনই মাঠে নামে রাজশাহী। ঐ ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল মাশরাফি-তামিমের ঢাকা প্লাটুন। মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় রাজশাহী। দ্বিতীয় ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ ছিল সিলেট থান্ডার। সেই ম্যাচে ৫৫ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী। তাই শতভাগ সাফল্য নিয়েই চট্টগ্রাম পর্ব শুরু করছে রাজশাহী। চট্টগ্রাম পর্বে মোট তিনটি ম্যাচ খেলবে রাজশাহী। তবে খুলনার বিপক্ষে জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করার লক্ষ্য রাজশাহীর। সোমবার দলের ওপেনার লিটন দাস তেমনই ইঙ্গিত দিয়েছেন, ‘ঢাকায় যা হয়েছে, ওখান থেকে আমাদের এখন পাওয়ার কিছু নেই। আমরা দু’টা ম্যাচ জিতেছি সেখানে, এটাই। এখন যা করণীয়, সেটা আগামীকাল করতে হবে।’

খুলনাকে শক্তিশালী প্রতিপক্ষ উল্লেখ লিটন বলেন, ‘প্রতিপক্ষ অনেক শক্তিশালী আমার কাছে মনে হয়। তারা অনেক ভারসাম্যপূর্ণ দল। যেখানে রিলি রুশো, মুশফিক ভাই, এরপর ফ্রাইলিঙ্ক, আরো স্থানীয় কয়েকটা ভালো খেলোয়াড় আছে। আমার মনে হয় ম্যাচটি প্রতিদ্বন্ধিতাপূর্ণ হবে।’

প্রথম দু’ম্যাচে রাজশাহীর জয়ের পেছনে প্রধান কারিগর ছিলেন দলের টপ-অর্ডাররা। তাই মিডল-অর্ডার ব্যাটসম্যানদের কোন পরীক্ষায় পড়তে হয়নি। তবে এটিকে ইতিবাচকভাবেই দেখছেন লিটন, ‘এটা তো অনেক ভালো ব্যাপার। আমরা টপ অর্ডাররা নিয়মিত রান পাচ্ছি। দোয়া করবেন সামনের ম্যাচগুলোতে যেন এমনই হয় যে, আমরা টপ অর্ডারই ম্যাচ শেষ করতে পারি। নিচের ব্যাটসম্যানদের ব্যাটিং না করতে হয়।’

এদিকে ঢাকা পর্বে একটি ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে হারায় তারা। তাই চট্টগ্রামের মাটিতে দ্বিতীয় জয়ে চোখ খুলনার। দলের ওপেনার শাসমুর রহমান বলেন, ‘নিঃসন্দেহে রাজশাহী খুব ভালো ছন্দে আছে। সব বিভাগেই তারা ভাল করছে, ম্যাচ জেতার সক্ষমতা তাদের আছে। পাশাপাশি আমরাও ভালো একটা পরিকল্পনা নিয়ে কাল নামব। তবে যেটা হচ্ছে ক্রিকেট খেলা যে কোন কিছুই হতে পারে। যার যেদিন বেস্ট শট লাগবে সেদিন সবকিছুই পরিবর্তন করার সুযোগ অনেক বেশি। দল হিসেবে আমরাও ভালো দল। চেষ্টা থাকবে প্রথম ম্যাচে যেমন গাণিতিক ক্রিকেট খেলেছি সেই পরিকল্পনাই নিয়েই মাঠে নামব।’

দলের জন্য যতটুকু প্রয়োজন সেটুকু করতে পারলেই খুশী হন শামসুর, ‘আমি যে দলে খেলি সে দলে চাহিদা থাকে আমার রানটা যেন দলে সাহায্য করে। আমিও সেই দিকেই নজর রাখি, সেভাবেই খেলার চেষ্টা করি। আমরা যে দায়িত্ব বা রোল তাতে আমি সবসময় খুব বেশি বল হয়তো পাব না বা বেশি সময় ব্যাটিং পাবো না, তবে পাশাপাশি আমি যতটুকু বল খেলি, পাঁচ বল খেলে ১০, ১২ কিংবা ১৫ রান করি দিনশেষে এটাই উপকারে দিবে। ওপেনার বা ওয়ান ডাউনে যারা খেলে তাদের পঞ্চাশ বা একশ মারার একটা সুযোগ থাকে। আমি যে সময় নামব ওই সময় আমার এতো বড় স্কোর করার সুযোগ থাকবে না। তবে আমি যেটা বললাম আমি যে পাঁচ, ছয় বা ১০ বল খেলব তাতে যেন ১০/১৫ বা ২৫ রান আসে, আমরা সেরকমই চিন্তা-ভাবনা করছি।’

খুলনা টাইগার্স দল:

মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভির ইসলাম, রিলি রৌসু, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবুল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ।

রাজশাহী রয়্যালস দল:

লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ চৌধুরী, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালী, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, মিনহাজুল আবেদীন আফ্রিদি, নাহিদুল ইসলাম, রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফান।

বাসস

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com