শনিবার, ১১ Jul ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

মেহেদি রানা ১২৯ রানে আটকে দিলেন সিলেটকে

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : বঙ্গবন্ধু বিপিএলে দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার। পেসার মেহেদি হাসান রানার দারুণ বোলিংয়ে মাত্র ১২৯ রান তুলতে সমর্থ হয়েছে সিলেট।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ইনিংসের শুরু থেকেই রান তোলার গতি শ্লথ ছিলো সিলেটের। চতুর্থ ওভারে প্রথম আঘাত হানেন পেসার রানা। তার করা স্ট্যাম্পের বাইরের বল টেনে এনে আউট হন রনি তালুকদার (২)। পরের ওভারে শফিকুল্লাহ শফিককে ফেরান পেসার রুবেল হোসেন। দলীয় সংগ্রহ তখন ৪ ওভারে ২৩। তৃতীয় উইকেটে আন্দ্রে ফ্লেচার ও মোহাম্মদ মিঠুন জুটি গড়ার চেষ্টা করেন।

তবে দলীয় ৬৩ রানে মুক্তার আলীর বলে বোল্ড হয়ে বিদায় নেন ফ্লেচার (৩৮)। পরের ওভারে মিঠুনের উইকেট তুলে নেন দারুণ বল করতে থাকা রানা। সেখান থেকে মোহাম্মদ নাইমকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ ৪০ রানের জুটি গড়েন মোসাদ্দেক হোসেন। দলীয় ১১৩ রানে ২২ বলে ৩০ করে উইলিয়ামসের বলে বোল্ড হয়ে মোসাদ্দেক ফিরে যান। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করতে সমর্থ হয় সিলেট।

চট্টগ্রামের হয়ে মেহেদি হাসান রানা ২৩ রান দিয়ে বিপিএলে তার ক্যারিয়ার সেরা ৪ উইকেট নেন।

১৩০ রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে চট্টগ্রাম । শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৫ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com