বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইলেও এখনও চুপ রয়েছেন বলিউড কিং শাহরুখ খান।
এ বিষয়ে ক্ষোভ বা নিন্দা জ্ঞাপন তো দূরের কথা নিজের কোনো মতামতই জানাননি। কোনো টুইট বা স্ট্যাটাসও দেননি।
বিষয়টিতে এমনভাবেই এড়িয়ে যাচ্ছেন তিনি, যেন জামিয়ায় কিছুই ঘটেনি।
ফলে জামিয়ায় পুলিশের বর্বরোচিত হামলায় তার নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে ভক্তরা তাকে তিরস্কার করেছেন।
জামিয়াকাণ্ডে শাহরুখের পাশাপাশি সালমান খান ও আমির খানও মুখে কুলুপ এঁটেছেন।
টুইটারে অনেকেই শাহরুখ খান, আমির খান ও সালমান খানকে ট্যাগ করে শিক্ষার্থীদের ওপর অমানবিক হামলার বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বলেছেন।
শ্রীবাস্তব নামে একজন লিখেছেন, ‘শাহরুখ খান এখানকার প্রাক্তন শিক্ষার্থী। স্বাধীনতাসংগ্রাম যারা করেছেন, সেই মওলানা আজাদের পরিবারের সদস্য আমির খান। সালমান খান বিয়িং হিউম্যানের উদ্যোক্তা। আর যখন আপনাদের কণ্ঠস্বর জরুরি হয়ে পড়ে, তখন কেন আপনারা কথা বলেন না? কিসের ভয় আপনাদের?’
আমান ওয়াদুদ নামের এক ব্যক্তি শাহরুখ খানকে ট্যাগ করে লিখেছেন, ‘আপনি তো জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। শিক্ষার্থীরা কী নৃশংসভাবে মার খেল। এত বড় একটা ঘটনায় আপনি কীভাবে চুপ আছেন? আপনি কি স্টকহোম সিনড্রোমে আক্রান্ত? আপনার সবচেয়ে বড় ভক্ত ছিলাম। আজ থেকে নিজেকে আর আপনার ভক্ত বলে দাবি করব না।’
শাহরুখের এই নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন জনপ্রিয় রেডিও জকি রোশন আব্বাস।
কিং খানের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় রোশন প্রশ্ন ছুড়েছেন– আপনিও তো জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কিছু তো বলুন– এখন চুপ কেন আপনি?
নগরকন্ঠ.কম/এআর