মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

বাংলাদেশকে জিজ্ঞেস করতে চাই পাকিস্তানে না আসার কারণ কী?

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়াসিম খান বলেছেন, শ্রীলঙ্কা ক্রিকেট দল একবার এসে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে। এখন আবার এসে নিরাপত্তার সমস্যা ছাড়াই টেস্ট সিরিজ শেষ করছে। আমরা বাংলাদেশকে জিজ্ঞেস করতে চাই পাকিস্তানে তাদের না আসার কারণ কী?

তিনি আরও বলেন, বাংলাদেশ দলের না আসার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তারা টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে পাকিস্তানে আসতে চায়। আর নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট সিরিজ খেলতে চায়-আমাদের হাতে এমন কোনো অপশন নেই। খেলতে হলে পাকিস্তানেই আসতে হবে।

পিসিবির সিইও আরও বলেন, বিসিবির সঙ্গে আমাদের দফায় দফায় মেইল চালাচালি হচ্ছে। তারা টি-টোয়েন্টি খেলতে আসতে চায় কিন্তু টেস্ট খেলতে ইচ্ছুক না।

প্রসঙ্গত, জানুয়ারিতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। সফরে যেতে সরকারের অনাপত্তিপত্রের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরকারের সবুজ সংকেত পেলেই তিনটি টি-টোয়েন্টি আর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যেতে পারে বাংলাদেশ দল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com