শনিবার, ১১ Jul ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

লুইস গ্রেগরির ঝড়ো ব্যাটিংয়ে প্রথম জয় রংপুরের

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : অবশেষে হারের বৃত্ত থেকে বের হলো রংপুর। আসরের পঞ্চম ম্যাচে এসে লুইস গ্রেগোরির ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় পেলো রংপুর র‌্যাঞ্জার্স। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬৩ রান করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স । জবাবে আট বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।

টস জিতে ফিল্ডিং বেছে নেওয়া রংপুরের শুরুটা ছিল দারুণ। প্রথম ওভারে কোনো রান না দিয়ে লেন্ডন সিমন্সকে বোল্ড করেন মুস্তাফিজুর রহমান। পরের ওভারে দুই বাউন্ডারি হাঁকানো ইমরুল কায়েস বেশিদূর যেতে পারেননি। এরপর দারুণ সব শটে স্বাগতিকদের এগিয়ে নেন আরেক ওপেনার ফার্নান্দো। অন্য প্রান্তে ধুঁকছিলেন নিজেকে খুঁজে ফেরা নাসির হোসেন। ১৩ বলে ৯ রান করা নাসিরকে তুলে নিয়ে ৪৪ রানের জুটি ভাঙেন নবি।

রংপুরের অফস্পিনার সঞ্জিত সাহা ফার্নান্দোকে বোল্ড করে থামান । এর আগে লঙ্কান ডানহাতি ওপেনার ৪০ বলে চার ছক্কা ও আট চারে করেন ৭২ রান। শেষদিকে মুক্তার আলি ও নুরুল হাসান সোহানের ছোট ছোট অবদানে চ্যালেঞ্জিং পুঁজি পায় চট্টগ্রাম। বোলিংয়ে মুস্তাফিজ ২৩ রানে নেন ১ উইকেট।

১৬৪ রান তাড়া করতে নেমে রংপুরের শুরুটা ভালো হয়নি। দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও ক্যামেরন দেলপোর্তকে হারিয়ে পাওয়ার প্লেতে মাত্র ৩২ রান তোলে তারা। তিনে নেমে অধিনায়ক টম অ্যাবেল ২৪ বলে ২৪ রান করে রুবেল হোসেনের বলে ধরা পড়েন উইকেটের পেছনে। এসময় ক্রিজে এসে শুরু থেকেই শট খেলতে থাকেন গ্রেগোরি। অন্য প্রান্তে আসরে প্রথমবার খেলতে নামা সাদমান হোসেন ধুঁকছিলেন টাইমিং পেতে। ২০ বলে ১৬ রান করা বাঁহাতি ব্যাটসম্যানকে ফিরিয়ে ৪০ রানের জুটি ভাঙেন মেহেদি হাসান রানা।

এরপর বাঁহাতি ফজলে মাহমুদকে সঙ্গে নিয়ে ৯১ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান গ্রেগোরি। আসরে নিজের প্রথম ফিফটি তুলে নেওয়া গ্রেগোরি ৩৭ বলে করেন ৭৬ রানে অপরাজিত থাকেন। ২১ বলে দুই ছক্কা ও চার চারে ৩৮ রানে অপরাজিত থাকেন মাহমুদ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com