বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরবার্তা.কম : ঢাকাই চলচ্চিত্র নির্মাণসংখ্যা কমার পাশাপাশি সিনেমা হলের সংখ্যাও দিনদিন কমে যাচ্ছে। এদিকে প্রতি বছরই বেশ কিছু সিনেমা সরকারি অনুদানে নির্মিত হয়। অনুদান পাওয়া এসব সিনেমার অধিকাংশই জ্বলে উঠতে ব্যর্থ হয়। সরকারি অনুদান নিয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল। তার মতে- সঠিক লোককে অনুদান দেয়া হয় না। এছাড়া অনুদানের আগে হল আধুনিকায়ন দরকার।
প্রযোজক ইকবাল এই প্রতিনিধিকে বলেন, ‘সাধারণত যেসব সিনেমাকে সরকারি অনুদান দেয়া হয় সেগুলো তেমনভাবে দর্শক টানতে পারে না। তবে কিছু ছবি দর্শক পছন্দ করে। কিন্তু তার সংখ্যা সীমিত। কখন কোথায় সিনেমাগুলো মুক্তি পায়, কেউ জানে না। কিন্তু যেসব সিনেমা মানুষ দেখে সেগুলো সরকারি অনুদান পায় না। আমরা তথ্যমন্ত্রীর কাছে বাণিজ্যিক সিনেমাকে সরকারি অনুদান দেয়ার অনুরোধ করছি। তবে মানহীন বাণিজ্যিক সিনেমাকে অনুদান দিতে বলছি না। একটি বিষয় বিবেচনা করা যেতে পারে- সিনেমা নিমার্ণের জন্য সরকারি অনুদানে যে টাকা একজন প্রযোজক পান সে টাকা একত্রিত করে অনেকগুলো হল নির্মাণ করা সম্ভব। আমাদের সিনেমার সংকট নেই, রয়েছে হল সংকট।আমরা সিনেমা নির্মাণ করে যথাযথভাবে দর্শকের কাছে দেব- সেই জায়গা ঠিক নেই। এটাই আমাদের মূল সমস্যা।আগে সিনেমা চালানোর ব্যবস্থা করতে হবে। হল বাঁচলে সিনেমা শিল্প বাঁচবে।’
তিনি আরো বলেন, ‘এমন পরিচালকের প্রস্তাবিত চলচ্চিত্রকে অনুদান প্রদান করা হচ্ছে যার চলচ্চিত্র নির্মাণের সাথে কোনো পূর্বসংশ্লিষ্টতা নেই। এমন প্রযোজনা প্রতিষ্ঠান বা প্রযোজককে অনুদান প্রদান করা হচ্ছে যাদের আর্থিক সক্ষমতা এবং কারিগরি কাঠামোগত সক্ষমতা স্পষ্ট নয়। সরকারি অনুদানের টাকা একজন যোগ্য প্রযোজক পেতে পারেন, যিনি এর আগেও অনেক ছবি করেছেন এবং এখন সিনেমা করতে পারছেন না। তবে ভুল হাতে টাকা গেলে সেটি ছবি হয় না বরং জগাখিচুড়ি হয়ে যায়। একটি বিষয় লক্ষ করে আসছি, যারা কখনো সিনেমা করেনি কিংবা পেশাদার সিনেমার লোক না তারাও এই অনুদানের অর্থের জন্য ছুটছেন। অনুদানের ছবির জন্য শিল্পীরাও এখন দেখি মাঝে মাঝে মাথা ঘামাচ্ছেন। সিনেমার বড় জার্নিটা কিন্তু একজন প্রযোজককেই করতে হয়। আমি শ্রদ্ধার সাথে মন্ত্রী মহোদয়কে বলতে চাই- প্রযোজকদের সাথে বসে বিষয়টি আলোচনা করে এর সমাধান করুন।’
প্রযোজক ইকবাল ‘শুটার’, ‘পাসওয়ার্ড’সহ বেশ কিছু চলচ্চিত্র প্রযোজনা করেছেন। এছাড়া কাজী হায়াত পরিচালিত ‘বীর’ চলচ্চিত্রের সহ-প্রযোজক তিনি। এতেও শাকিব খান অভিনয় করছেন।
নগরবার্তা.কম/এআর