বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

গোপালগঞ্জে লালজমিনের দুটি প্রদর্শণী

বিনোদন ডেস্ক, নগরবার্তা.কম : গোপালগঞ্জে মুক্তিযুদ্ধ ও মুক্তিদ্ধোত্তর এক নারীর সংগ্রামী জীবনের নাটক ‘লালজমিন’ মঞ্চায়িত হয়েছে। শনিবার গোপালগঞ্জ সদর উপজেলার রাবেয়া আলী স্কুল এ্যান্ড কলেজে লালজমিনের ২২১ তম ও শুক্রবার গোপালগঞ্জ শহরের শেখ মণি অডিটোরিয়ামে এ নাটকের ২২০ তম মঞ্চায়ন হয়েছে।

নাটক শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা, বিশেষ অতিথি পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান ও অভিনেতা মোমেনা চৌধূরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোপালগঞ্জ থিয়েটারের সাধারণ সম্পাদক মিথিলা সুলতানা মুক্তি।

নাটকে শুন্যন রেপার্টরি থিয়েটারের প্রধান নির্বাহী অভিনেতা মোমেনা চৌধূরী মুক্তিযুদ্ধ ও মুক্তিদ্ধোত্তর এক নারীর সংগ্রামী জীবনের কাহিনী ফুটিয়ে তোলেন। নাটকে তের ডিঙিয়ে চৌদ্দ ছুঁই ছুঁই এক কিশোরীর গল্প লালজমিন। কিশোরীর দুচোখ জুড়ে মানিক বিলের আটক লাল পদ্মের জন্য প্রেম। সে কৈশরেই শোনে বাবা-মায়ের মধ্য রাতের গুঞ্জন। শুধু দুটি শব্দ কিশোরীর মস্তক আর মনে জেগে রয়, মুক্তি-স্বাধীনতা।

ওই বয়সে কিশোরী এক ছায়ার কাছ থেকে প্রেম পায়। বাবা যুদ্ধে চলে যায়। আগোচরে কিশোরী নানা কৌশলে যুদ্ধে যাওয়ার আয়োজন করে, সশস্ত্র যুদ্ধ। বয়স তাকে যুদ্ধে যেতে অনুমোদন দেয় না। কিশোরী সেই ছায়া-প্রেম সম্মুখে দাঁড়ায়, কিশোরী তার সেনাপতিকে চিনতে পারে। তারপর যুদ্ধ যাত্রা…। লক্ষ্যে পৌঁছানোর আগেই পুরুষ যোদ্ধারা কেউ শহীদ হন, কেউ নদীর জলে হারিয়ে যান। ৫ যুবতীসহ যুদ্ধযাত্রী ওই কিশোরীকে ধরে নিয়ে যাওয়া হয় আর্মি ক্যাম্পে। সেখানে ঘটে তার জীবনের নানা অভিজ্ঞতা।

১৪ বছরের কিশোরীর ধবধবে সাদা জমিন যুদ্ধকালীন ৯ মাসে রক্তরাঙা হয়ে ওঠে। ‘লালজমিন’-এ কিশোরীর রক্তরাঙা অভিজ্ঞতার মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর এক নারীর সংগ্রামী জীবনের নাট্য প্রকাশ পেয়েছে।

অভিনেতা মোমেনা চৌধূরী বলেন, ‘নাটকটি মান্নান হীরা রচনা করেছেন। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। নতুন প্রজম্মের কাছে মুক্তিযুদ্ধ ও মুক্তিদ্ধোত্তর এক নারীর সংগ্রামী জীবনের কাহিনী তুলে ধরতে আমরা জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে এ নাটকের মঞ্চায়ন করে যাচ্ছি।’

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ‘এ নাটক আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে। এ নাটক আরও বেশি প্রদর্শনের মাধ্যমে তরুণ প্রজম্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে।’

নগরবার্তা.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com