বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : শুরু হল নতুন বছর। বছরের শুরুতেই ব্লাক ডায়মন্ডখ্যাত প্রখ্যাত সঙ্গীতশিল্পী বেবী নাজনীন একক গজল সন্ধ্যা নিয়ে আমেরিকায় উপস্থিত থাকছেন।
‘সাম ই গজল’ শিরোনামে ৪ জানুয়ারি আমেরিকার নিউইয়র্ক জ্যাকসন হাইটসের বেলোজিনোতে শো টাইম মিউজিকের ব্যানারে আয়োজন করা হয়েছে এ গজল সন্ধ্যা। আমেরিকায় বাংলাদেশি কোনো সঙ্গীত তারকার এটাই প্রথম গজল সন্ধ্যা বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।
নিজের মৌলিক গান ছাড়াও বেবী নাজনীনের কণ্ঠে রবীন্দ্র, নজরুল সঙ্গীত, হিন্দি, উর্দু গান এবং গজলও শোনা যায় বিভিন্ন স্টেজ প্রোগ্রামে। ইতিমধ্যেই এ আয়োজনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এ প্রসঙ্গে বেবী নাজনীন বলেন, ‘প্রায় ৩৫ বছর আগে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল আমার প্রথম একক গজল সন্ধ্যা। ৯০ দশকের শুরুতে হওয়া সেই গজল সন্ধ্যাটি আমার ক্যারিয়ারে মাইলফলক হয়ে আছে। এরপর বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের অনেক অনুষ্ঠানেই গজল পরিবেশনা করেছি।
আসলে কোন গান কোথায় গাইব এটা নির্ভর করে কোনো ধরনের গানের শ্রোতার সামনে আমি উপস্থিত রয়েছি। বাংলা গান গাইতে গাইতে অনেক স্টেজেই আমি হিন্দি উর্দু গান এবং গজল করেছি দর্শকদের অনুরোধে। তবে এবারের আয়োজনটি শুধু গজলকে কেন্দ্র করেই। যে কারণে এবারের প্রস্তুতিটাও নিতে হচ্ছে একটু ভিন্নভাবে।’
নগরকন্ঠ.কম/এআর