বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ভারতের প্রয়াত পরমাণু বিজ্ঞানী ও সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের জীবনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমা।
বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়ালকে ওই সিনেমায় কালামের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। খবর এনডিটিভির।
পরেশ রাওয়াল সম্প্রতি এক টুইটে জানিয়েছেন, বায়োপিকে এপিজে আব্দুল কালামের ভূমিকায় তাকে নেয়া হয়েছে। দুবছর ধরে ছবিটি তৈরি নিয়ে কথা চলছে বলেও জানান তিনি।
বায়োপিকটি যৌথভাবে প্রযোজনা করবেন অভিষেক আগরওয়াল এবং অনিল সুনকারা। আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হবে ছবির শ্যুটিং।
গত কয়েক বছরে ভারতীয় চলচ্চিত্রে বায়োপিকের যেন ধুম লেগেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ক্রিকেটার আজাহার উদ্দিন, বালসাহেব ঠাকরে, এনটি রামা রাও প্রমুখের জীবনী নিয়েও চলচ্চিত্র হয়েছে।
ডাকসাইটে রাজনৈতিক নেতাদের জীবনের অজানা অধ্যায় সাধারণ মানুষের সামনে নিয়ে আসাই এসব বায়োপিক তৈরির উদ্দেশ্য। এবার সেই তালিকায় নাম উঠতে চলেছে বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের।
উল্লেখ্য, এপিজে আব্দুল কালাম ১৯৩১ সালের ১৫ অক্টোবর ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির (বর্তমানে তামিলনাড়ু রাজ্য) রামেশ্বরমের এক তামিল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
২০০২ সালে তিনি ভারতীয় জনতা পার্টির সমর্থনে দেশটির রাষ্ট্রপতি মনোনীত হত। ২০১৫ সালের ২৭ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।
নগরকন্ঠ.কম/এআর