বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

বড় পর্দায় অভিনয়ের আকাক্সক্ষা বরাবরই ছিল

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ফারজানা ছবি, নাটকের দক্ষ অভিনেত্রী। প্রথমবার আজ বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। এটি তার অভিনীত দ্বিতীয় ছবি। যদিও প্রথম ছবি এখনও মুক্তি পায়নি। এছাড়া নিয়মিত নাটকে অভিনয় করছেন এ অভিনেত্রী। সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত। অভিনয় এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন তিনি
প্রথমবার বড় পর্দায় অভিষিক্ত হচ্ছেন। এ নিয়ে অনুভূতি কী?

-‘জয়নগরের জমিদার’ আমার অভিনীত প্রথম বাণিজ্যিক ঘরানার ছবি। আর ২০২০ সালের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি এটি। তাই ভীষণ ভালো লাগছে। একজন অভিনয় শিল্পী হিসেবে বড় পর্দায় অভিনয়ের আকাক্সক্ষা বরাবরই ছিল। এ কাজটি আমার অভিনয় জীবনে নতুন মাত্রা যোগ করেছে। এর আগে বিপ্লব হায়দারের পরিচালনায় ‘জোছনা রাতের গল্প’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলাম। শুনেছি সেটি সম্ভবত আর মুক্তি পাবে না।

এ ছবিতে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

-ইন্ডাস্ট্রির চলমান অস্থিতিশীল সময়ে এ ধরনের একটি ইতিহাসনির্ভর ছবি নির্মাণের জন্য নির্মাতা এম সাখাওয়াত হোসেন অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। এর অভিনয়শিল্পীরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ ভালোবাসাটুকু দর্শকদের দেয়ার চেষ্টা করেছেন। আশা করি দর্শক ছবিটি দেখে বিমুখ হবে না।

এ ছবির শুটিং কবে, কোথায় হয়েছে?

-এটি একটি পিরিয়ডিকাল ফিল্ম। তাই সুনির্দিষ্ট সময়কাল বিবেচনা করে এর লোকেশনগুলো নির্ধারিত হয়েছে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের পুরনো সব জমিদার বাড়িতে।

দর্শক এ ছবিটি কেন দেখবে বলে আপনার ধারণা?

-সমসাময়িক গল্প ভাবনা এবং একই ধাঁচে নির্মিত ছবির ভিড়ে এটি সম্পূর্ণ মৌলিক গল্প ও ভিন্ন নির্মাণশৈলীর একটি নিরঙ্কুশ দেশি ছবি; যা আমাদের ইতিহাস এবং শেকড়ের কথা বলে। এজন্যই দর্শক এ ছবিটি ইতিবাচকভাবে গ্রহণ করবে বলে আমি আশাবাদী।

এখন নাটকেও তো নিয়মিত কাজ করছেন…

-হ্যাঁ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মাসুদ চৌধুরীর পরিচালনায় ‘সত্য গল্পের অসত্য উপাখ্যান’ নামে নাটকে অভিনয় করেছি সম্প্রতি। এটি আগামীকাল বিটিভিতে প্রচার হবে। এছাড়া সৌম্য নজরুলের পরিচালনায় ‘মেছো তোতা গেছো ভূত’, অরণ্য আনোয়ারের ‘চান্দের বুড়ী নোয়াখালী’সহ আরও কয়েকটি নাটকে অভিনয় করছি। বেশকিছু খণ্ড নাটকেও কাজ করছি। এছাড়া বিশেষ দিবসের খণ্ড নাটকে প্রায়ই অভিনয় করা হচ্ছে।

আপনার অভিনীত একটি স্বল্পদৈর্ঘ্য ছবি রাজস্থান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। সেটার আপডেট কী?

-মিজানুর রহমান লাবুর পরিচালনায় এ স্বল্পদৈর্ঘ্য ছবিটির নাম ‘মালা ভাবী’। পাপ পুণ্য ও কর্মফলের সঙ্গে প্রকৃতির অতি প্রাকৃত সংযোগের মূল বিষয়বস্তু। এটিও আমার ভীষণ পছন্দের একটি কাজ। আশা করছি এটি সেখানকার দর্শকের ভালো লাগবে। আমার অভিনীত ছবি দেশের বাইরের দর্শক দেখবেন, একজন অভিনয়শিল্পী হিসেবে এজন্য নিজেকে সম্মানিতবোধ করছি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com