বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : রাজধানীতে ‘ঢাকা পর্বত চলচ্চিত্র উৎসব ২০২০’ নামের চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে পাহাড়-পর্বতবিষয়ক কমিউনিটি প্ল্যাটফর্ম ‘অদ্রি’। শুক্রবার রাজধানীতে দিন ব্যাপী আয়োজিত হচ্ছে পর্বতবিষয়ক চলচ্চিত্র উৎসব।
নীলক্ষেতের রুহুল কুদ্দুস মিলনায়তনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। ব্যতিক্রমী এ উৎসবে বিভিন্ন দেশের মোট আটটি চলচ্চিত্র প্রদর্শিত হবার কথা রয়েছে। ‘অদ্রি’ এর আয়োজনে উৎসবটিতে দিনের দুই ভাগে দেখানো হবে আটটি ছবি। সকালের প্রদর্শনে থাকবে চারটি চলচ্চিত্র আর বিকেলের আয়োজনে থাকবে চারটি চলচ্চিত্র।
আয়োজকরা জানায়, সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে প্রথম পর্ব। এসময় ‘১২১’, ‘হর্স পিস্ত’, ‘সেফ হেভেন’ ও ‘দিস মাউন্টেইন লাইফ’ নামের চলচ্চিত্র দেখানো হবে। বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে দ্বিতীয় পর্ব। সেখানে দেখানো হবে ‘রিটার্ন টু আর্থ’, ‘দ্য হাই রোড’, ‘দ্য নোজ স্পিড রেকর্ড’ ও ‘ইউনাইটেড স্টেটস অব জো’স’ । প্রতিটি পর্বের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
উৎসবের আহ্বায়ক সালেহীন আরশাদী বলেন, ইট পাথরের ঢাকায় বসে পর্বতকে চেনার শ্রেষ্ঠতম মাধ্যমগুলোর একটি হচ্ছে চলচ্চিত্র। সে কারণেই ঢাকা পর্বত চলচ্চিত্র উৎসবে শরীরচর্চা, স্কিইং, ট্রেকিং, রক ক্লাইম্বিং, সাইক্লিং, উদ্ধার অভিযানসংক্রান্ত তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে।
নগরকন্ঠ.কম/এআর