বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

কলকাতায় যোধপুর পার্ক উৎসবে প্রশংসিত বাংলাদেশি শিল্পীরা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অনুষ্ঠিত যোধপুর পার্ক উৎসবে ‘বাংলাদেশ দিবস’-এ দর্শক মুগ্ধ করে প্রশংসিত হয়েছেন বাংলাদেশি শিল্পীরা।

এর মধ্যে রয়েছেন- রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিন, লোকসঙ্গীত শিল্পী নুরজাহান আলিম, এ সময়ের সঙ্গীতশিল্পী স্বপ্নীল সজীব ও তামান্না প্রমি। তাদের সঙ্গে আরও যোগ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা।

গত ১০ জানুয়ারি থেকে কলকাতার যোধপুর পার্কে শুরু হয়েছে দশ দিনব্যাপী এ উৎসব। প্রতিবারের ধারাবাহিকতায় ১৩ জানুয়ারি ছিল এ উৎসবের ‘বাংলাদেশ দিবস’ পর্ব। বরাবরই এ পর্বে বাংলাদেশি শিল্পীরা পারফর্ম করেন। এবারও তার ব্যতিক্রম ছিল না। উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান।

বাংলাদেশ দিবস পর্বের অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা সাড়ে ছয়টায়। শুরুতেই উৎসব কমিটির পক্ষ থেকে সভাপতি শ্রী রতন দে ও যুগ্ম সম্পাদক কৃষ্ণ কুমার দাস বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি শিল্পীদের বিশেষ সম্মাননায় ভূষিত করেন। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের দিনই বিপ্লব সাহাকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

‘বাংলাদেশ দিবস’ অনুষ্ঠানের শুরুতেই সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত ফোক শিল্পী নুরজাহান আলিম। টানা বেশ কয়েকটি গান পরিবেশনের পর তার পরিবেশনার শেষ প্রান্তে তিনি হঠাৎ করেই মঞ্চে ডেকে নেন বিপ্লব সাহাকে।

নুরজাহান আলিম ও বিপ্লব সাহা আব্দুল আলিমের সিনেমায় গাওয়া শেষ গান ‘সব সখি রে পার করিতে নেব আনা আনা’ গানটি পরিবেশন করেন। দুজনের অনবদ্য সঙ্গীত পরিবেশনা মুগ্ধ হয়ে উপভোগ করেন উপস্থিত দর্শক-শ্রোতারা। এর পরপরই বিপ্লব সাহার কোরিওগ্রাফিতে দুটি পর্বে দুই বাংলার মডেলরা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ফ্যাশন পর্বে অংশ নেন।

এ পর্বে বিপ্লব সাহার বিশেষ অনুরোধে মডেলদের সঙ্গে র‌্যাম্পে অংশ নেন বাংলাদেশি ডেপুটি হাইকমিশনার। ফ্যাশন পর্ব শেষে মঞ্চে আসেন অদিতি মোহসিন।

টানা ত্রিশ মিনিটেরও বেশি তিনি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। এর পরপরই মঞ্চে ওঠেন সঙ্গীতশিল্পী স্বপ্নীল সজীব। তিনিও গান গেয়ে দর্শক মাতিয়েছেন। সর্বশেষ শিল্পী হিসেবে মঞ্চে ওঠেন তামান্না প্রমি। শুরুতেই ‘মধু মালতি ডাকে আয়’ গানটি গেয়ে দর্শকের মুগ্ধতার আবেশে জড়িয়ে নেন নিজেকে।

এরপর একে একে প্রমি বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লার বেশ কয়েকটি জনপ্রিয় গান গেয়ে দর্শক মাতিয়ে তোলেন। সর্বশেষ পরিবেশনা হিসেবে স্বপ্নীল সজীব ও তামান্না প্রমি ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ গানটি পরিবেশন করেন।

এ পরিবেশনার মধ্য দিয়েই শেষ হয় যোধপুর পার্ক উৎসবের ‘বাংলাদেশ দিবস’ পর্ব। এ পর্বে অংশ নেয়া প্রসঙ্গে অদিতি মহসিন বলেন, ‘রবীন্দ্রসঙ্গীত উপভোগ করার জন্য এ উৎসবে শ্রোতা-দর্শকের এমন আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। আয়োজনটিও দারুণ ছিল।’

নুরজাহান আলিম বলেন, ‘বাংলাদেশকে ভারতের একটি অনুষ্ঠানে উপস্থাপন করা হয় বেশ গর্ব ও শ্রদ্ধার সঙ্গে- এটাই অনেক বড় ভালোলাগার বিষয়। আর সেই উৎসবে গান করতে পারাটাও অনেক আনন্দের। বেশ ভালো লেগেছে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com