বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

কাস্টমস দিবসে তিশার পরী ও পানির বোতল

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ২৬ জানুয়ারি কাস্টমস দিবস। দিনটি উপলক্ষে নির্মিত হয়েছে ‘পরী ও পানির বোতল’ নামে একটি নাটক। এটি রচনা করেছেন জামাল হোসেন। পরিচালনা করেছেন মাসুম শাহরিয়ার। এ বিশেষ নাটকে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। তার বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম।

নাটকের গল্প প্রসঙ্গে নাট্যকার জানান, মাদক চোরাচালানকারীদের পরিকল্পনা এবং তাদের সেই পরিকল্পনা কীভাবে কাস্টমস ইন্টেলিজেন্সদের মাধ্যমে নস্যাৎ হয় এ বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এরই মধ্যে দিয়ে প্রেম, ভালোবাসা এবং প্রেম ভালোবাসার দ্বন্দ্বকেও উপস্থাপন করা হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, ‘বিশেষ দিবসের নাটকগুলোতে প্রাসঙ্গিকভাবে দিবসটি নিয়ে বিভিন্ন বিষয়াদি গল্পে উঠে আসে। এ নাটকটিও তেমনই। সুন্দর গল্প। আশা করি সবার ভালো লাগবে।’

নাটকটি ২৬ জানুয়ারি রাত ৮টা ১৫ মিনিটে আরটিভিতে প্রচার হবে। এদিকে তিশা ভালোবাসা দিবসের জন্য ‘লজ্জা’ নামের একটি নাটকের কাজ সম্প্রতি শেষ করেছেন। সিনেমায়ও রয়েছে তার ব্যস্ততা। কাজ শেষ করেছেন মুকুল রায় চৌধুরীর ‘হলুদবণি’ ছবির। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবারের বিকেল’ ছবিটি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com