বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

রুনা লায়লার হাত থেকে সম্মাননা নিয়ে উচ্ছ্বসিত অর্ষা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : দেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লার হাত থেকে সম্মাননা নিয়েছেন এ সময়ের অভিনয়শিল্পী নাজিয়া হক অর্ষা। বছরের সেরা অভিনেত্রী হিসেবে এ সম্মাননা পান তিনি।

সম্প্রতি প্লাস কমিউনিকেশন নামে একটি সংগঠন রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পীদের মধ্যে পুরস্কার বিতরণ করে। সেই অনুষ্ঠানেই প্রধান অতিথি রুনা লায়লার হাত থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি গ্রহণ করেন অর্ষা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক শ্রদ্ধা, ভালোবাসা রুনা ম্যাডামের জন্য। আমি সত্যিই ভীষণ গর্বিত ও আনন্দিত। রুনা ম্যাডামের সুর করা একটি গানে মডেল হিসেবে কাজ করেছিলাম, এটিও অনেক অনেক বড় প্রাপ্তি। তার মতো জীবন্ত কিংবদন্তির কাছ থেকে সম্মাননা গ্রহণ করাটা ছিল আমার জন্য সত্যিই অনেক বড় পাওয়া এবং ভীষণ ভালোলাগার। কিছু মুহূর্ত থাকে যা শব্দ বিন্যাসে ব্যাখ্যা করা সম্ভব হয় না। সেদিনই এ মহান ব্যক্তিত্বের সঙ্গে আমার প্রথম দেখা। এর আগে মুঠোফোনে তার সঙ্গে কথা বলেছি; কিন্তু অনুষ্ঠানে তার কাছ থেকে অ্যাওয়ার্ড প্রাপ্তির পরও তিনি আমাকে তার গানটিতে মডেল হিসেবে কাজ করার জন্য যেভাবে প্রশংসা করেছেন তাতে আমি আবেগাপ্লুত।’

প্রসঙ্গত, গেল বছরের শেষ দিকে রুনা লায়লারই সুরে তৈরি একটি গানের মডেল হিসেবে পারফর্ম করেন অর্ষা। গানের শিরোনাম ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’। গানটি গেয়েছেন ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোসলে। সঙ্গীতায়োজন করেছেন রাজা কাশ্যপ। গেল বছরের ১৩ ডিসেম্বর গানটি ইউটিউবে একটি চ্যানেলে প্রকাশ হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com