বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

সন্তানদের সঠিক শিক্ষাটা আমি দিয়েছি: শাহরুখ

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। গতবছরের ডিসেম্বরে আইনটি পাশ হয়। এ বছরের ১০ জানুয়ারি আইনটি কার্যকর করা হয়েছে। এই আইনকে কেন্দ্র করেই ভারতে ধর্ম নিয়ে চলছে নানা বিভেদ। আর এই উত্তাল সময়ে ধর্মের বিশেষ ভাবনা শেয়ার করলেন বলিউড বাদশা শাহরুখ খান।

রিয়ালিটি শো ড্যান্স প্লাস ৫-এর এক এপিসোডে হাজির হয়ে শাহরুখ খান জানালেন, ধর্ম নিয়ে তার পরিবারে কোনো আলোচনা হয় না। কোনো ধর্মে নয়, নিজেকে ভারতীয় ভাবতেই ভালোবাসেন তিনি।

শাহরুখ খান বলেন, ‘আমার স্ত্রী হিন্দু, আমি মুসলমান এবং আমার সন্তানরা হল হিন্দুস্তানি। ছোটবেলায় মেয়ে সুহানা এসে আমার কাছে জানতে চেয়েছিল, বাবা আমাদের ধর্ম কোনটা? আমি বলেছি, আমরা ভারতীয়। আমাদের কোনো ধর্ম নেই, থাকাও উচিত নয়।’

শাহরুখ খান আরো বলেন, ‘আমার পরিবারে ধর্মের উত্সব পালন করা হয়। তবে আমি আমার ছেলেমেয়ের এমন নাম রেখেছি যার মধ্যে ধর্ম বা জাতি নির্বিশেষে একটা সর্বভারতীয় ভাবনা আছে। তাদের নাম রেখেছি আরিয়ান, সুহানা। আর সন্তানদের সঠিক শিক্ষাটা আমি দিয়েছি।’

নিজের ধর্ম নিয়ে শাহরুখ খান বলেন, ‘নিজেকে খুব বেশি ধার্মিক বলে দাবি করি না, কারণ আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় না। কিন্তু আমি মুসলিম। আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি এবং আমি মনে করি এটা একটা ভালো ধর্ম, যার মধ্যে নিয়মানুবর্তিতা রয়েছে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com