সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের জনপ্রিয় ই-কমার্স সাইট ইভ্যালির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল, সিটিও ওসমান গনি নাহিদ ও ডিরেক্টর আতিকুর রহমানসহ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের হেড অব এইচআর সাবরিনা নাসরিন। একইসঙ্গে তিনি এই বিজয়ের দিনে শ্রদ্ধাভরে স্মরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পাশাপাশি ধন্যবাদ জানান দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রাসেল বলেন, ‘আমাদের পথচলা মাত্র এক বছরের। ই-কমার্সের জগতে যা খুবই অল্প সময়। তবে এই অল্প সময়েই আমরা দারুণ কিছু সফলতা অর্জন করেছি। ই-কমার্সের কেনাকাটা যে ব্যয়বহুল না বরং সাধ্যের মধ্যে সেটা আমরা ক্রেতাদের বোঝাতে সক্ষম হয়েছি।’
তিনি আরও বলেন, ‘শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে সারা দেশজুড়ে আমরা একটি ইকোসিস্টেম গড়ে তুলতে চাচ্ছি। যাতে এদেশের ই-কমার্সে একটি টেকসই ইতিবাচক পরিবেশ তৈরি করা যায়।’
অনুষ্ঠানে ইভ্যালির থিম সং উন্মোচন করা হয়। পাশাপাশি প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এছাড়াও অনুষ্ঠানে ইভালির পক্ষ থেকে হিরো, বাজাজ বাংলাদেশসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে বেস্ট সেলার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।’
নগরকন্ঠ.কম/এআর